মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট ভাঙার দাবি, মূল হোতাদের বিচারের আহ্বান
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ১৬:৩৩ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ | ১৮:৩৬
মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ভেঙে তা সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে বায়রা সিন্ডিকেটবিরোধী ঐক্য ফ্রন্ট। একই সঙ্গে সিন্ডিকেট চক্রের মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে।
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন বায়রার সমন্বয়ক এম এ সালাম, সিনিয়র সদস্য কাজী শাখাওয়াত হোসেন লিন্টু, সাবেক যুগ্ম মহাসচিব মফিজ উদ্দীন, আকবার হোসেন মঞ্জু, মোহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মালয়েশিয়া শ্রমবাজারে এক নজিরবিহীন অরাজকতা ও দুর্নীতির রাজত্ব কায়েম হয়। একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র বাজারটি নিয়ন্ত্রণ করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয় এবং সাধারণ কর্মীদের নিঃস্ব করে। এতে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো ব্যবসায়িকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তারা বলেন, এই সিন্ডিকেটের হোতা লেফটেন্যান্ট জেনারেল ((অব.) মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হওয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানানো হলেও কেবল একজনকে গ্রেপ্তার করলেই হবে না, সিন্ডিকেটের সঙ্গে জড়িত নিজাম হাজারী, সাবেক আইজিপি বেনজীর আহমদ, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল, কালা ফিরোজ, মনসুর কালাম ও কাজী মফিজসহ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন ও দাতো আমিনের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা আরও বলেন, মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যেন উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক শ্রমবাজার নিশ্চিত করা হয়। সকল লাইসেন্সধারী বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য বাজার খুলে দেওয়ার দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত করা এবং জড়িতদের বিচার নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বায়রার সাবেক যুগ্ম মহাসচিব এম এ সালাম বলেন, ‘সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার হলেও সহযোগী অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে। দ্রুত তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’
মানববন্ধনে বায়রার সদস্য মাহবুবুল করিম সিদ্দিকী জাফর, সিনিয়র সদস্য এনামুল হকসহ আলতাব হোসেন, হক জহিরুল জুঁই, আজাদুর রহমান, কামাল উদ্দিন, আব্দুর রউফ, ফরিদ আহমেদ ও সাইদুল ইসলাম শুভ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- মালয়েশিয়ার শ্রমবাজার
- সিন্ডিকেট
