সচিব নিয়োগে তালগোল
প্রত্যাহার হওয়া ৩ সচিব আগের পদে বহাল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ০২:৪৭
গত ২৫ মার্চ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ১২ সচিবের পদে বড় ধরনের পরিবর্তন করে সরকার। এর মধ্যে পাঁচ সচিবকে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। প্রত্যাহার হওয়া পাঁচ সচিবের মধ্যে তিনজনকে আবার আগের পদে বহাল করা হয়েছে।
এতে যেসব কর্মকর্তা তাদের পদে সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন, তাদের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। এ নিয়ে সচিব পদে নিয়োগ নিয়ে ‘তালগোল পাকানো’ হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ প্রসঙ্গে গতকাল রোববার সচিবালয়ে কিছু শীর্ষ কর্মকর্তার রুমে নানা ধরনের আলোচনা-সমালোচনা হয়েছে বলে জানা গেছে।
গত ২৫ মার্চ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরী, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সমন্বয় ও সংস্কার জাহেদা পারভীন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এরপর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরীর প্রজ্ঞাপন গতকাল স্থগিত করা হয়েছে। এর আগে সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং নাজমা মোবারেকের প্রজ্ঞাপন ২৫ মার্চেই স্থগিত করা হয়।
ফের দুই সচিবকে প্রত্যাহার
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাদের জায়গায় নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব করা হয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা কানিজ মওলাকে। এর আগে ২৫ মার্চ তাঁকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলি করা হয়েছিল। আর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের বর্তমান সচিব সিরাজুন নূর চৌধুরীকে ২৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম। তিনি এতদিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। এখন তাঁকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এ ছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে গেল ২৫ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়। কিন্তু রোববার নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বসানো হয় তাঁকে।
এলজিইডির প্রধান প্রকৌশলীর নিয়োগ বাতিল
নিয়োগের পাঁচ দিন পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আবদুর রশীদ মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ২৪ মার্চ তাঁকে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্ব থেকে অবসরে যান আবদুর রশীদ। বিএনপি সরকার ক্ষমতায় এসে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিলে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। পরে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে থাকার সময় তাঁর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২৩ সালের এপ্রিলে আবদুর রশীদের অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
- বিষয় :
- সচিব
- প্রত্যাহার
