ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দাবি আদায়ের নামে সড়ক অবরোধ সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দাবি আদায়ের নামে সড়ক অবরোধ সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
×

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১৮:০৪

দাবি আদায়ের নামে সড়ক অবরোধের মত কর্মসূচিও করতে দেওয়া হবে না বলে হুশিয়ার উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। এর আগে বিকেল সাড়ে তিনটায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত পরিসংখ্যানের বিষয়টি আমার কাছে নেই। তবে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত মবের ঘটনা ঘটেনি। আর সব কিছুকে ‘মব’ বলা ঠিক হবে না; এখানে ডেফিনেশন আলাদা করতে হবে। গাইবান্ধার পলাশবাড়ী থানায় হামলা, ২১শে ফেব্রুয়ারিতে সদস্যের ওপর হামলা কিংবা উত্তরায় দোকানপাট বন্ধ করা— সেগুলো কি মব হবে? সব কিছুকে এক বলা যাবে না। কিছু আছে সংগঠিত, পরিকল্পিত অপরাধ, যার বিরুদ্ধে মামলা ও তদন্ত হয়। তবে স্পষ্ট কথা— বাংলাদেশে কোনো রকম মব কালচার আর থাকবে না। রাস্তায় কোনো দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা অন্তর্বর্তী সরকারের সময় দেখা গিয়েছে, সেটাকে আমরা আর কখনো এলাও করব না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি থাকবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো যাবে, সেমিনার বা জনসমাবেশ করা যাবে; কিন্তু সড়ক অবরোধ করে দাবি আদায়ের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

আরও পড়ুন

×