বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ শুরু হচ্ছে রোববার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ২২:৪৬ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ | ২২:৫৫
বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’ রোববার থেকে শুরু হয়ে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। একই সঙ্গে দেশের সব বিমান ঘাঁটি ও ইউনিটগুলোতে অনুষ্ঠিত হবে মহড়া। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক যুদ্ধ সক্ষমতা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের মূল্যায়ন ও উন্নয়ন করা হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, মহড়ায় বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা কার্যক্রম ব্যাপকভাবে সম্পৃক্ত থাকবে এবং আধুনিক এয়ার ডিফেন্স কৌশল, সমন্বিত অপারেশন এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
মহড়ায় যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ইউনিট, সারফেস টু এয়ার মিসাইল ইউনিট এবং আনম্যানড এরিয়াল সিস্টেমসহ বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিট সক্রিয়ভাবে অংশ নেবে। এই মহড়ার অংশ হিসেবে বিমানবাহিনীর বৈমানিকরা বিভিন্ন ধরনের এয়ার ওয়ারফেয়ার কৌশল অনুশীলন করবেন। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, সিভিল ডিফেন্স এবং বিএনসিসির (এয়ার উইং) বিভিন্ন ইউনিটও এই মহড়ায় অংশ নিচ্ছে। এই যৌথ অংশগ্রহণ দেশের সমন্বিত প্রতিরক্ষাব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে আশা প্রকাশ করেছে আইএসপিআর।
- বিষয় :
- বিমানবাহিনী
