স্টার্টআপ খাত কার্যকর করতে কাজ করছে সরকার: উপদেষ্টা রেহান আসিফ আসাদ
আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মিলনায়তনে তিনদিনব্যাপী ‘ন্যাশনাল ডেমো ডে ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ২০:৫৩
বাংলাদেশের স্টার্টআপ খাতকে কার্যকর ও টেকসই করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে দেশীয় উদ্যোক্তারা এখন খুব সহজেই তাদের পণ্য ও সেবা বৈশ্বিক বাজারে পৌঁছে দিতে পারছেন, যা বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মিলনায়তনে তিনদিনব্যাপী ‘ন্যাশনাল ডেমো ডে ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে সরকার কাজ করছে, যাতে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর অধীনে পরিচালিত ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন (ডিইআইইডি) প্রকল্পের আওতায় স্টার্টআপ ও স্কেলআপ কার্যক্রমের মাধ্যমে উদ্যোক্তাদের প্রশিক্ষণ, মেন্টরিং, নেটওয়ার্কিং এবং বিনিয়োগকারীদের সামনে নিজেদের ধারণা উপস্থাপনের সুযোগ দেওয়া হচ্ছে।
এই কর্মসূচিতে দেশের ছয়টি বিভাগ থেকে ১,০৯১ জন উদ্যোক্তা অংশ নেন। সেখান থেকে বাছাইকৃত উদ্যোক্তাদের নিয়ে ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত আয়োজিত এই ডেমো ডে-তে আইটি ও আইটিইএস, ই-কমার্স, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ফ্যাশনসহ মোট সাতটি খাতের প্রায় ২০০ উদ্যোক্তা তাদের ব্যবসায়িক ধারণা তুলে ধরছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সামনে।
ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, দেশে আইডিয়ার অভাব নেই, তবে উদ্যোক্তাদের মানসিকতা উন্নয়ন জরুরি। ছোট পরিসর থেকে শুরু করে বড় চিন্তা করতে পারলেই উদ্যোগগুলো সফলভাবে বিস্তৃত হবে বলে তিনি মত দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন। তিনি বলেন, স্টার্টআপ খাত বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং সঠিক নীতিগত সহায়তা ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে এটি বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘স্টার্টআপ পলিসি, বিনিয়োগ ও সম্ভাবনা’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বাংলাদেশের স্টার্টআপ খাতের ভবিষ্যৎ নিয়ে মতামত তুলে ধরেন।
