সংরক্ষিত নারী আসনে অগ্রাধিকার পাবেন রাজপথের ত্যাগীরা: চিফ হুইপ
চিফ হুইপ নূরুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ২১:২১ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ২২:২০
সংরক্ষিত নারী আসনে রাজপথের ত্যাগী নেত্রী অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। বুধবার সংসদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, আমরা বিশ্বাস করি, নারীরা আসুক। যত দ্রুত আসে, তত লাভ। নারীদের ক্ষমতায়নে আমরা ফ্যামিলি কার্ড করেছি। যত দ্রুত সম্ভব আমরা তাদের সংসদে নিয়ে আসার চেষ্টা করছি।
তিনি বলেন, যারা রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে ভূমিকা রাখতে পারবেন– এমন বিবেচনায় আমাদের সংসদ নেতা নিশ্চয়ই ব্যবস্থা করবেন।
সংসদে সন্ত্রাসবিরোধী আইন পাস নিয়ে প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বলেন, আইন অনুযায়ী সবার বিচার হবে। যিনি দোষ করেছেন, তার বিচার হবে; যিনি নির্দোষ, তার বিচার হবে না। একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।
সংসদের সাউন্ড (শব্দযন্ত্র) সমস্যা জটিল আকার ধারণ করেছে মন্তব্য করে তিনি বলেন, এমন পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। ওই সময় একটা ফ্যাসিস্ট সরকার ছিল, তারা নির্মাণকারী প্রতিষ্ঠানকে কাজের চুক্তি দিয়েছিল। সাউন্ডের ব্যাপারে নির্মাণকারী প্রতিষ্ঠান কী কাজে লাগতে পারে? এই কাজটা বুঝে নেবে এমন কোনো লোক নিয়োগ দেওয়া হয়নি। ৩৮ গ্রামের মাইক্রোফোন দেওয়ার কথা ছিল; কিন্তু দেওয়া হয়েছে ২৫৮ গ্রামের। ফলে এটি মাথায় রাখতে সদস্যদের সমস্যা হচ্ছে। অধিবেশন শেষ হওয়ার পরে অনেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চিফ হুইপ।
- বিষয় :
- সংরক্ষিত নারী আসন
- চিফ হুইপ
