ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংসদে পাটমন্ত্রী

বন্ধ পাটকলগুলো চালুর পরিকল্পনা আছে  

বন্ধ পাটকলগুলো চালুর পরিকল্পনা আছে  
×

সংসদ অধিবেশনে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১৫:৪০

বন্ধ পাটকলগুলো চালু করার পরিকল্পনা সরকারের আছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকার দলীয় এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। 

বস্ত্র ও পাটমন্ত্রী জানান, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন ২৫টি মিলের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৯টি মিল চালু আছে। বন্ধ পাটকলগুলো চালু করার পরিকল্পনা আছে। 

তিনি জানান, ২০২০ সালের ১ জুলাই সরকারি ব্যবস্থাপনায় বিজেএমসির আওতাধীন ২৫টি মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ২০টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা ভিত্তিতে পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। এরই মধ্যে ১৪টি মিলের ইজারা শেষ হয়েছে, যার মধ্যে ৯টি মিল চালু করা হয়েছে। অবশিষ্ট ৬টি মিল ইজারা প্রদানের লক্ষ্যে কার্যক্রম চলছে। তিনটি মিলের বিপরীতে চূড়ান্ত প্রস্তাব আহ্বান করা হয়েছে। একটি মিলের বিপরীতে আগ্রহী প্রতিষ্ঠানের প্রস্তাব মূল্যায়ন কাজ চলছে। একটি মিলের ইওআই আহ্বান করা হয়েছে এবং একটি মিলের ইজারা কার্যক্রম প্রক্রিয়াধীন। বাকি মিলগুলোও সরকার ঘোষিত (যদিও সেটি বিএনপির দলীয় দফা) ৩১ দফার আলোকে বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা করা যায়। 

সরকার দলীয় এমপি মোহাম্মদ আলি আসগারের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বের ৩০টি দেশে পাট ও ১৩৮ দেশে পাটপণ্য রপ্তানি করা হয়। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৪২ হাজার ৩৯ মেট্রিক টন ও চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত ২২ হাজার ৮৫০ মেট্রিক টন কাঁচাপাট রপ্তানি করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে সাত লাখ ৫১ হাজার ৭৩৯ মেট্রিক টন এবং চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত ৪ লাখ ৯ হাজার ৩৬৬ মেট্রিক টন পাটপণ্য রপ্তানি করা হয়েছে। 
 

আরও পড়ুন

×