বিমানের নতুন ডিএমডি সৈয়দ মইন উদ্দিন আহমেদ
সৈয়দ মইন উদ্দিন আহমেদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১৮:২২
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগ দিয়েছেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর বলাকা ভবনে সংস্থাটির প্রধান কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
বিমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে নিয়োগ দেওয়া হয়।
মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ডিএমডি সৈয়দ মইন উদ্দিন আহমেদ এভিয়েশন খাতে একজন দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবী। তার এভিয়েশন শিল্পে ২২ বছরের এবং অ্যাকাউন্টস, ম্যানেজমেন্ট ও কাস্টমার সাপোর্টে ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।
কর্মজীবনে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৭ সালের জুলাই পর্যন্ত লন্ডন স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি ম্যানেজার (কার্গো সেলস), অর্গানাইজেশন অ্যান্ড মেথড অফিসার এবং সহকারী ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।
বিমানে দায়িত্ব পালনকালে বাণিজ্যিক কার্যক্রম পরিকল্পনা, বিক্রয় বৃদ্ধি, স্টেশন কার্যক্রম সমন্বয়, মানবসম্পদ ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাজে দক্ষতার পরিচয় দেন তিনি। পরবর্তীতে যুক্তরাজ্যে বেসরকারি ট্রাভেল ও এভিয়েশন খাতে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি ও অ্যাডভান্স স্ট্যাটিস্টিকসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। এছাড়া মানবসম্পদ ব্যবস্থাপনায় ডিপ্লোমাসহ বিভিন্ন পেশাগত প্রশিক্ষণও সম্পন্ন করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক বছর ধরে বিমানের ডিএমডি পদটি শূন্য ছিল। ২০০৭ সালে সহকারী ব্যবস্থাপক পদ থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছিলেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ।
- বিষয় :
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
