ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সোনাদিয়া থেকে সমুদ্র পথে বিশ্বভ্রমণের স্বপ্ন নিউজিল্যান্ডের একটি পরিবারের   

সোনাদিয়া থেকে সমুদ্র পথে বিশ্বভ্রমণের স্বপ্ন নিউজিল্যান্ডের একটি পরিবারের   
×

স্বপ্ন পূরণে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে নৌকাসহ পুডনি ও তার পরিবারে সদস্যরা। ছবি: কোস্টগার্ডের সৌজন্যে

সাহাদাত হোসেন পরশ

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ২২:১৮ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ | ২২:৪৪

নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডনি তার পরিবারের চার সদস্যকে নিয়ে বাংলাদেশ থেকে বিশ্বভ্রমণের যাত্রা শুরু করতে চেয়েছিলেন। স্বপ্নটা বাস্তবে রূপ দিতে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন তারা।

পরিকল্পনার অংশ হিসেবে একটি কাঠের নৌকা বা ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্যোগ গ্রহণ করেন পুডনি। বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিয়ে তৈরি করেন কাঠের নৌকা। এরপর আন্তর্জাতিক সমুদ্র সংস্থা থেকে নিবন্ধন নেন তিনি।

নিজেদের লক্ষ্য পূরণে কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া চরে নৌকাসহ অবস্থান করছিলেন। তবে বুধবার রাতে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। কেড়ে নেয় পাসপোর্টসহ প্রয়োজনীয় মালপত্র। হামলার তথ্য পাওয়ার পর দ্রুত বাংলাদেশ কোস্ট গার্ড ঘটনাস্থলে যায়। বিদেশি পর্যটকদের উদ্ধার করেন তারা। ঘটনাস্থল-সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়। আপাতত বিশ্বভ্রমণের স্বপ্ন হোঁচট খেলেও পুডনির পরিবারের সদস্যরা কক্সবাজারে তাদের নৌকায় অবস্থান করছেন।   

আজ বৃহস্পতিবার রাতে কক্সবাজারের কোস্টগার্ডের একজন কর্মকর্তা সমকালকে জানান, এডওয়ার্ড পুডনি, তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাংলাদেশ থেকে সমুদ্র পথে বিশ্বভ্রমণ করতে চেয়েছিলেন। এই লক্ষ্যে বাংলাদেশে তার আসা–যাওয়া ছিল। প্রথম দিকে এসে কোনো ধরনের নৌকা তৈরি করবেন সেটি ঠিক করে যান। ঝুঁকি বিবেচনায় নৌকাটি টেকসই মডেলের নয় বলে তাকে জানিয়েছিল কোস্টগার্ড।

তবে কাউকে কিছু অবহিত না করেই বুধবার সমুদ্রযাত্রা শুরু করেন। এরপর সোনাদিয়া চরে অবস্থানকারে তাদের ওপর হামলা চালানো হয়। ক্যামেরা, মোবাইল ফোনসেট, রান্নার ব্যবহৃত জিনিসপত্র ও পাসপোর্ট নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত বেশ কিছু মালপত্র উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধারের পর বর্তমানে কক্সবাজারের বাকখালী নদীর মোহনায় নিজেদের নৌকায় তারা অবস্থান করছেন।

আরেক কর্মকর্তা জানান, নৌকাটি এমনভাবে তৈরি করা হয়েছে- যেখানে রান্নার যাবতীয় জিনিসপত্রসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি রয়েছে।

কোস্টগার্ডের ওই কর্মকর্তা সমকালকে জানান, সমুদ্র পথে বুধবার নিউজিল্যান্ডের ওই পরিবারের সমুদ্র যাত্রাটি ‘টেস্ট–রান’ হতে পারে। তাদের সঙ্গে আরও বিস্তারিত কথা বলে পরিকল্পনার চূড়ান্ত বিষয়টি জানার চেষ্টা করব। উদ্ধারের পর পরিবারের চার সদস্য সুস্থ রয়েছেন। তারা নৌকায় থাকতে চান। তাই, এখনও নৌকায় তারা রয়েছেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা পেলে পরিবারটির বিষয় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

সমুদ্র পথে বিশ্বভ্রমণের জন্য কেন ওই পরিবারটি বাংলাদেশকে বেছে নিল–এমন প্রশ্নে তিনি বলেন, জন এডওয়ার্ড পুডনি তাদের বলেছেন, বাংলাদেশী নৌকার বৈচিত্রতা তাকে আকৃষ্ট করেছে। বিভিন্ন দফায় বাংলাদেশে এসে ট্যুরিস্ট ভিসার মেয়াদও বাড়িয়েছেন। 

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, বিদেশি পর্যটকদের পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ১৬ জানুয়ারি তাদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া চরে নৌকাসহ অবস্থান করছিলেন তারা। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে। এছাড়া প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়।  

কোস্টগার্ড জানিয়েছে, পর্যটকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। উদ্ধার হওয়া পর্যটকদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সঙ্গে সমন্বয় কার্যক্রম চলমান। উদ্ধার হওয়ার পর জন এডওয়ার্ড পুডনি বাংলাদেশ কোস্ট গার্ডের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

×