ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফের চালু হচ্ছে বিমানের ফ্লাইট
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ২২:৪২
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও চালু করতে যাচ্ছে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট। আগামী ১ জুলাই ২০২৬ থেকে এই রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
সপ্তাহে দুইদিন ফ্লাইট পরিচালনা
প্রাথমিকভাবে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি শনিবার ও মঙ্গলবার ফ্লাইটগুলো ঢাকা থেকে সিলেট হয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার গন্তব্যে যাবে।
ফ্লাইট সময়সূচি-ঢাকা ছাড়বে: সকাল ১০টা ৫৫ মিনিট, সিলেট ছাড়বে: দুপুর ১২টা ৫০ মিনিট, ম্যানচেস্টার পৌঁছাবে: রাত ১০টা ৫৫ মিনিট, ম্যানচেস্টার ছাড়বে: রাত ৯টা, সিলেট পৌঁছাবে: পরদিন দুপুর ১১টা ৫০ মিনিট, ঢাকা পৌঁছাবে: দুপুর ১টা ৩০ মিনিট।
যাত্রীদের চাহিদা এবং যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় এ রুট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখা এবং সীমিত বহরের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে গত ১ মার্চ ২০২৬ থেকে এই রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। পুনরায় চালু হওয়ায় প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
