লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ০৯:২২ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ | ১০:৫১
| প্রিন্ট সংস্করণ
দীর্ঘ প্রতীক্ষার পর লিবিয়ার ত্রিপোলি ও দেশটির বিভিন্ন আটক কেন্দ্র থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার বোরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশিদের অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মুহাম্মাদ শাহেদ হোসেন জানান, ফেরত আসা নাগরিকদের সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে। আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে যাতায়াত খরচ বাবদ নগদ ছয় হাজার টাকা, শুকনো খাবার, প্রাথমিক চিকিৎসা এবং যাদের প্রয়োজন তাদের জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।
ফিরে আসা বাংলাদেশিদের অধিকাংশেরই উদ্দেশ্য ছিল সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমানো। তারা মানব পাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। লিবিয়ায় অবস্থানকালে তাদের অনেককেই অপহরণ ও অবর্ণনীয় নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
- বিষয় :
- লিবিয়া
