ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেমিনারে বক্তারা

ভূমিকম্প ঝুঁকি রোধে কঠোর বিল্ডিং কোড বাস্তবায়ন জরুরি

ভূমিকম্প ঝুঁকি রোধে কঠোর বিল্ডিং কোড বাস্তবায়ন জরুরি
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০৭:৩৫ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ১২:৩৮

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় কঠোর বিল্ডিং কোড বাস্তবায়ন, গবেষণা জোরদার এবং নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করতে সরকারের কার্যকর ভূমিকা জরুরি বলে মন্তব্য করেছেন বক্তারা। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘ভূমিকম্প: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। প্রগতিশীল প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতি সমাজ আয়োজিত অনুষ্ঠানের শুরুতে রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সেমিনারে বক্তব্য দেন ভূমিকম্প ও ভবন নকশা বিশেষজ্ঞ এবং বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি, নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ খন্দকার নিয়াজ রহমান, বুয়েটের অধ্যাপক ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ড. খন্দকার সাব্বির আহমেদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন।

বক্তারা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মাধ্যমে ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে অনুমোদনপ্রাপ্ত পেশাজীবীদের দিয়েই নিরীক্ষা কার্যক্রম বাধ্যতামূলক করতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা। 

নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ভূমিকম্প নিয়ে মানুষের মধ্যে যে ভীতি ও শঙ্কা রয়েছে, তা দূর করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, ২০২৫ সালের ২১ নভেম্বর ৫.৪ মাত্রার ভূমিকম্পসহ সাম্প্রতিক কম্পনগুলো জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। চলতি বছরের প্রথম চার মাসেই বাংলাদেশ ও আশপাশে প্রায় শতাধিক ভূমিকম্প রেকর্ড হয়েছে। 

লিখিত বক্তব্যে বলা হয়, দেশে পর্যাপ্ত সিসমোগ্রাফ ও তথ্য সংগ্রহ ব্যবস্থা না থাকায় গবেষণা ব্যাহত হচ্ছে। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে যন্ত্রপাতি স্থাপন করা হলেও অর্থ ও জনবল সংকটে তা কার্যকর নেই। ফলে বিদেশি উৎসের তথ্যের ওপর নির্ভর করতে হচ্ছে। তাছাড়া ২০২০ সালের বিল্ডিং কোডে ভূমিকম্প জোন নির্ধারণ করা হলেও নতুন তথ্য অনুযায়ী তা হালনাগাদ জরুরি। একইসঙ্গে ভবন নির্মাণে নকশা অনুমোদন ও বাস্তবায়নে তদারকির ঘাটতি রয়েছে। 

সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজন সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মোশাররফ হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী ইমরান হাবিব রূমন।

আরও পড়ুন

×