ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে থাকছে না বয়সসীমা

বিএসইসি ও আইডিআরএ

দুই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে থাকছে না বয়সসীমা
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ০৭:৪৪

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) চেয়ারম্যান পদে ৬৫ বছরের বয়সসীমার বাধ্যবাধকতা তুলে দিতে আইন সংশোধনের খসড়া সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। আইন মন্ত্রণালয়ের শেষে সংসদের চলতি অধিবেশনে এই আইন পাস হতে পারে। 
২০২৪ সালের ১৮ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদে যোগ দেন সাবেক ব্যাংকার রাশেদ মাকসুদ। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিএসইসি চেয়ারম্যান পদে বয়সসীমার বাধ্যবাধকতা তুলে দেওয়ার আইন পাসের পর নতুন কাউকে ওই পদে নিয়োগ দেওয়া হতে পারে। তবে রাশেদ মাকসুদকে পদ ছাড়তে এখনও সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়নি। আইডিআরএর চেয়ারম্যানের পদেও এমন কাউকে চিন্তা করা হচ্ছে, যার বয়স ৬৫ বছরের বেশি। 

বিএসইসির নতুন চেয়ারম্যান কাকে করা হবে, তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে শেয়ারবাজার অঙ্গনে। ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খানকে পরবর্তী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে। মাসুদ খান একজন অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। 

এ বিষয়ে খবর রাখেন এমন একাধিক সূত্র জানিয়েছে, শুরুতে বিএসইসির চেয়ারম্যান পদে শেয়ারবাজার-সংশ্লিষ্ট ও দীর্ঘ অভিজ্ঞ কাউকে নিয়োগ দেওয়ার কথা ভেবেছিলেন অর্থমন্ত্রী। এক্ষেত্রে ডিএসইর ব্রোকারদের সংগঠন ডিবিএর বর্তমান সভাপতি সাইফুল ইসলাম ও লংকাবাংলা ফাইন্যান্সের পুঁজিবাজার বিভাগের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরীর নাম আলোচনায় ছিল। এর বাইরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট ও চার্টার্ড অ্যাকাউনট্যান্ট আল মারুফ খান, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ভ্যানগার্ডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াকার চৌধুরীর নামও শোনা গেছে। তবে সম্প্রতি মাসুদ খানের নাম বেশি শোনা যাচ্ছে। 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সমকালকে জানান, বর্তমান সরকার পুঁজিবাজারকে ঢেলে সাজানোর প্রয়োজন বলে মনে করছে। প্রথম পদক্ষেপ হিসেবে এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগ অভিজ্ঞ তানভীর গনিকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন কমিশনে বদল আনার কাজ চলছে। 
 

আরও পড়ুন

×