ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নারী স্বাস্থ্যে এআইয়ের ছোঁয়া: এন্ডোমেট্রিওসিস ঝুঁকি জানাবে স্মার্টএন্ডো

নারী স্বাস্থ্যে এআইয়ের ছোঁয়া: এন্ডোমেট্রিওসিস ঝুঁকি জানাবে স্মার্টএন্ডো
×

সোমবার রাজধানীর হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ফলাফল উপস্থাপন ও ডিসেমিনেশন সেমিনারের আয়োজন করে বাংলাদেশ এন্ডোমেট্রিওসিস অ্যান্ড অ্যাডিনোমায়োসিস সোসাইটি। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৭:০০

বাংলাদেশে নারীদের দীর্ঘদিনের অবহেলিত স্বাস্থ্য সমস্যা এন্ডোমেট্রিওসিস (জরায়ুর ভেতরের পরত অন্য কোথায় গজানো) দ্রুত শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন স্ক্রিনিং টুল ‘স্মার্টএন্ডো’ আশার আলো দেখাচ্ছে। গবেষকেরা বলছেন, এই টুল ব্যবহার করে মাত্র ৩ থেকে ৫ মিনিটেই প্রাথমিক ঝুঁকি নির্ধারণ করা সম্ভব।

সোমবার রাজধানীর হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ‘বাংলাদেশে এন্ডোমেট্রিওসিসের প্রাথমিক ঝুঁকি নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা-সমৃদ্ধ স্ক্রিনিং টুলের উন্নয়ন ও ভ্যালিডেশন’ শীর্ষক ফলাফল উপস্থাপন ও ডিসেমিনেশন সেমিনারে এ তথ্য জানানো হয়। আয়োজন করে বাংলাদেশ এন্ডোমেট্রিওসিস অ্যান্ড অ্যাডিনোমায়োসিস সোসাইটি।

গবেষণা দলের প্রধান অধ্যাপক ডা. সামিনা চৌধুরী বলেন, দেশে এন্ডোমেট্রিওসিস শনাক্তে দীর্ঘ বিলম্ব একটি বড় চ্যালেঞ্জ। প্রাথমিক পর্যায়ে ঝুঁকি নির্ধারণ করা গেলে দ্রুত রেফারেল ও চিকিৎসা শুরু করা সম্ভব, যা রোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
স্মার্টএন্ডোর মাধ্যমে নারীরা সহজেই জানতে পারবেন তাঁরা ঝুঁকিতে আছেন কি না।

সেমিনারে বক্তারা বলেন, এন্ডোমেট্রিওসিস একটি দীর্ঘস্থায়ী ও হরমোননির্ভর রোগ, যা তীব্র ঋতুকালীন ব্যথা, বন্ধ্যাত্ব এবং জীবনমানের অবনতি ঘটাতে পারে। বিশ্বব্যাপী প্রজননক্ষম প্রতি ১০ জন নারীর মধ্যে প্রায় একজন এ রোগে আক্রান্ত হলেও বাংলাদেশে রোগ নির্ণয়ে গড়ে ৬ থেকে ১০ বছর বিলম্ব হয়।

গবেষণার তথ্য অনুযায়ী, স্মার্টএন্ডো টুলটির সংবেদনশীলতা ৯১ শতাংশ, সুনির্দিষ্টতা ৯৪ দশমিক ৮ শতাংশ এবং সামগ্রিক নির্ভুলতা ৯৩ শতাংশ। রোগীর উপসর্গ, ক্লিনিক্যাল তথ্য ও ঝুঁকির কারণ বিশ্লেষণ করে এটি সম্ভাব্য ঝুঁকির মাত্রা নির্ধারণ করে। অ্যাপটি বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় ব্যবহারযোগ্য।

অনুষ্ঠানে বক্তারা এন্ডোমেট্রিওসিসের ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার পরামর্শ দেন। একই সঙ্গে দেশে একটি পৃথক নারীস্বাস্থ্য ইনস্টিটিউট গড়ে তোলার দাবি জানান। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, চিকিৎসকদের সক্ষমতার সঙ্গে প্রযুক্তির সমন্বয় হলে রোগ নির্ণয় আরও সহজ হবে এবং নারীরা দ্রুত চিকিৎসা পাবেন।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্যোগ নারীর প্রজনন স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের সুযোগ বাড়লে চিকিৎসা ব্যবস্থাও হবে আরও কার্যকর।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আখতার এবং অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম।

আরও পড়ুন

×