ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

এআইইউবিতে ‘এআই ফিল্মমেকিং’ বিষয়ে মাস্টারক্লাস অনুষ্ঠিত

এআইইউবিতে ‘এআই ফিল্মমেকিং’ বিষয়ে মাস্টারক্লাস অনুষ্ঠিত
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ২২:৩৯

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ডিপার্টমেন্ট অব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের অ্যানিমেশন ট্র্যাকের উদ্যোগে ‘মাস্টারক্লাস অন এআই ফিল্মমেকিং’ শীর্ষক একটি সময়োপযোগী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেশনভিত্তিক হাতে-কলমে শিক্ষার বিশেষায়িত ল্যাবে আয়োজিত এ মাস্টারক্লাসে চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন। এছাড়া উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মাস্টারক্লাসে বক্তা ছিলেন অ্যানিমেশন মনস্টার স্টুডিওর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নাওয়ীদ রাশিদ, সিব’স সলিউশন্সের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী এবং অ্যানিমন ও সিব’স সলিউশন্সের সিনিয়র প্রম্পট ডিরেক্টর সাইলা শিকদার রেয়া। আয়োজনের সমন্বয় করেন জেএমসি বিভাগের অ্যানিমেশন ট্র্যাকের প্রভাষক রানি এলেন ভি. রামোস।

বক্তারা বলেন, ধারণা তৈরি, স্ক্রিপ্ট উন্নয়ন, স্টোরিবোর্ড, ভিজ্যুয়াল ইফেক্টস থেকে শুরু করে পোস্ট-প্রোডাকশন—চলচ্চিত্র নির্মাণের প্রতিটি ধাপেই কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে সিজিআই ও ভার্চুয়াল প্রোডাকশনে এআই নতুন সৃজনশীল সম্ভাবনার দ্বার উন্মোচন করছে এবং কাজের গতি বাড়ানোর পাশাপাশি ব্যয়ও কমাচ্ছে।

তারা শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। হাসিব হাসান চৌধুরী বলেন, গ্রাফিক্স, অ্যানিমেশন ও স্টোরিটেলিংয়ের মৌলিক দক্ষতা আয়ত্ত করাই সৃজনশীল কাজের ভিত্তি।

অনুষ্ঠানের শেষপর্বে প্রশ্নোত্তরভিত্তিক একটি প্রাণবন্ত ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

×