ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান ৩০ এপ্রিলের পর

মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান ৩০ এপ্রিলের পর
×

সালাহউদ্দিন আহমেদ

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ০৮:৪২

| প্রিন্ট সংস্করণ

সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার পরপরই দেশজুড়ে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সংসদের এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল শেষ হবে বলে জানান তিনি।

গতকাল সোমবার সংসদের বৈঠকে জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। 

‘অবৈধ সিসা লাউঞ্জ বন্ধ করা’ শীর্ষক এই নোটিশ উত্থাপন করে বিএনপিদলীয় সদস্য নোয়াখালী-২ আসনের জয়নুল আবদিন ফারুক বলেন, রাত হলেই বুনো উল্লাস, দমে না সিসা লাউঞ্জ। রাজধানীর অভিজাত এলাকার আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে গড়ে ওঠা অবৈধ সিসা লাউঞ্জ বন্ধ করা যাচ্ছে না। বারবার অভিযান চালানো হলেও বন্ধ হচ্ছে না। কেউ কেউ ঠিকানা পরিবর্তন করে। কেউ কেউ প্রশাসনের কিছু ইঙ্গিতে এই অবৈধ ব্যবসা চালাচ্ছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশে জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে বর্তমান সরকার। ৩০ এপ্রিল সংসদের অধিবেশন শেষ হওয়ার পর সারাদেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করা হবে। দেশের যুবসমাজকে রক্ষা করতে এর বিকল্প নেই। এই বিশেষ অভিযানে জেলা-উপজেলা পর্যায়ে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেবে বলে সংসদকে আশ্বস্ত করেন তিনি।
 

আরও পড়ুন

×