ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

টিকার আওতা বাড়ানোর আশ্বাস

হাম ও ডেঙ্গু মোকাবিলায় সক্ষমতার দাবি মন্ত্রীর

হামে আরও দুই শিশুর মৃত্যু

হাম ও ডেঙ্গু মোকাবিলায় সক্ষমতার দাবি মন্ত্রীর
×

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৯:১১ | আপডেট: ০১ মে ২০২৬ | ০৯:৫৬

| প্রিন্ট সংস্করণ

হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকারের ‘যথেষ্ট সক্ষমতা’ রয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, টিকা ও মানবসম্পদে কোনো সংকট নেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শতভাগ শিশুকে টিকার আওতায় আনা হবে। এতে দ্রুতই হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বক্ষব্যাধি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তায় যক্ষ্মা পরীক্ষার কিট ও শিশুদের জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৬ লাখ জিনএক্সপার্ট কার্ট্রিজ এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্সের যক্ষ্মার (টিবি) ওষুধ হস্তান্তর করেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, নির্ধারিত বাজেট থাকা সত্ত্বেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথ ব্যয় হয়নি, ফলে কিছু কৃত্রিম সংকট তৈরি হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে তিনি বলেন, হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে, তাই শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে স্বাস্থ্য খাতের সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার ও সুশাসন জোরদারে যুক্তরাষ্ট্র কাজ করছে। ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে।

হামে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এদের একজন ঢাকা, আরেকজন সিলেট বিভাগে। একই সময়ে ১ হাজার ২৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। নতুন করে শনাক্ত হয়েছে ৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৪৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে আরও ২২৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে এ বছর হাম ও উপসর্গ নিয়ে ২৭৬ শিশুর মৃত্যু হয়েছে।

এই সময়ে সারাদেশে ৩৭ হাজার ১৩১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৫ হাজার ২৮ জনের হাম শনাক্ত হয়েছে। 

আরও পড়ুন

×