ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বজ্রপাতে চার মাসে ৭২ মৃত্যু

এসএসটিএফের তথ্য

বজ্রপাতে চার মাসে ৭২ মৃত্যু
×

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৭:৩৪

| প্রিন্ট সংস্করণ

দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম চার মাসেই বজ্রপাতে ৭২ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই কৃষক। স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ) গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি বলছে, খোলা মাঠে কাজ করার কারণে কৃষকরাই বজ্রপাতের সবচেয়ে বড় ঝুঁকিতে থাকছেন। বিশেষ করে বোরো মৌসুমে মাঠে দীর্ঘ সময় অবস্থানের ফলে তাদের ঝুঁকি আরও বেড়ে যায়। সর্বশেষ গত ২৬ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে।

এ অবস্থায় কৃষকদের জীবন রক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছে এসএসটিএফ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বজ্রপাতের সময় দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাস জেনে মাঠে কাজ করা এবং ঝড়ের লক্ষণ দেখা দিলে খোলা জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
মে দিবস উপলক্ষে গত শুক্রবার মুন্সীগঞ্জের আড়িয়ল বিল এলাকায় সরেজমিন শতাধিক কৃষকের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। এসএসটিএফ কৃষকদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছে। এগুলো হলো– বজ্রপাতের সময় খোলা মাঠ বা উঁচু স্থানে না থাকা, একা গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং মোবাইল ফোন বা ধাতব বস্তু ব্যবহার থেকে বিরত থাকা।

আরও পড়ুন

×