হামলার বিচার না হলে জামায়াতের কর্মসূচি বয়কটের হুঁশিয়ারি মাল্টিমিডিয়া সাংবাদিকদের
মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে এমআরএ। ছবি-সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২১:০১ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ২১:২২
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর একটি কর্মসূচি চলাকালে সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। সংগঠনটি হুঁশিয়ারি করেছে, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে জামায়াতের সব কর্মসূচি বয়কট করা হবে।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেন এমআরএর সভাপতি ও দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া সাংবাদিক ফখরুল ইসলাম। কর্মসূচিতে বিভিন্ন সংবাদমাধ্যমের মাল্টিমিডিয়া রিপোর্টাররা অংশ নেন।
এরআগে, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতের একটি সমাবেশ চলাকালে দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির মারধরের শিকার হন। তাকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন সাংবাদিক আহত হন।
মানববন্ধনে এমআরএ সভাপতি ফখরুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার সংস্কৃতি নতুন নয়। অতীতেও বিভিন্ন রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছেন। হামলার পর সমবেদনা জানানো হলেও অধিকাংশ ক্ষেত্রে বিচার নিশ্চিত হয়নি।
তিনি বলেন, হামলার ঘটনার পর জামায়াতের নেতা-কর্মীরা সামাজিকমাধ্যমে সমবেদনা জানিয়ে বিচার নিশ্চিতের আশ্বাস দিচ্ছেন। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, কিছুদিন পর এসব ঘটনা ভুলে যাওয়া হয়। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি নিতে হবে।
ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
মানববন্ধনে কালবেলার মাল্টিমিডিয়া সাংবাদিক অন্তু মুজাহিদ বলেন, যে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, সেই দলের কাছে বিচার চাওয়া অনেকটা হাস্যকর। রাজনৈতিক দলগুলো সাধারণত নিজেদের কর্মীদের সুরক্ষা দেয়, আর সর্বোচ্চ সাময়িক বহিষ্কারের মতো পদক্ষেপ নেয়।
