দিল্লির বিমানবন্দরে বাধা
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের ঘটনায় ব্যাখ্যা দিল ভারত
রণধীর জয়সওয়াল
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২০:৪৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান ব্যাখ্যা করেছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারতে আসার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পর জাহেদকে প্রবেশের অনুমতিও দেওয়া হয়। যদিও তিনি ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘তিনি (উপদেষ্টা জাহেদ) গত ১৪ জুন এখানে এসেছিলেন ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে। তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ আধিকারিকদের বৈঠকে যোগ দিতে এসেছিলেন। তাঁকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন দপ্তরের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। তাঁর ভারতে আসার উদ্দেশ্য রিম অ্যাসোসিয়েশনের বৈঠকের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তাঁকে প্রবেশের অনুমতিও দেওয়া হয়। তবে তিনি ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।’
ওই ঘটনার পরদিন ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়।
দিল্লির বিমানবন্দরের ওই ঘটনাকে হয়রানিমূলক বলে উল্লেখ করেছিলেন ডা. জাহেদ।
১৬ জুন সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেছিলেন, ‘আমি ওখানে (ভারতে) একজন ব্যক্তি হিসেবে যাইনি। আমি এই সরকার ও রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গিয়েছি। ফলে আমার সঙ্গে সেখানে যা হয়েছে, আমার কাছে মনে হলো আমাদের ইনস্ট্যান্ট (তাৎক্ষণিক) একটা প্রতিবাদ হওয়া দরকার। সেই কারণে আসলে আমি ব্যাক করার (ফেরত আসা) সিদ্ধান্ত নিয়েছি। যদিও আপনারা গণমাধ্যমে দেখেছেন, একটা পর্যায়ে তারা (ভারতীয় কর্তৃপক্ষ) খুব চেষ্টা করেছে আমি যেন প্রবেশ করি এবং আমার নিয়মিত কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। কিন্তু আমি সেটা করিনি।’
এদিকে স্থানীয় বাসিন্দাদের উত্তেজনার প্রেক্ষাপটে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির চত্বরে রামের বিগ্রহ নির্মাণ স্থগিতের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা দেখেছি, বাংলাদেশ থেকে কিছু খবর এসেছে। আমরা আশা করছি, বাংলাদেশের সরকার সেখানকার চরমপন্থি লোকজনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করবে।’
- বিষয় :
- ভারত
- দিল্লি
- জাহেদ উর রহমান
