ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাংবাদিকদের ডিএমপি কমিশনার

দেশে এখন শীর্ষ সন্ত্রাসী তেমন নেই

দেশে এখন শীর্ষ সন্ত্রাসী তেমন নেই
×

মো. সরওয়ার

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৭:৪৫

| প্রিন্ট সংস্করণ

দেশে এখন শীর্ষ সন্ত্রাসী তেমন নেই উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, যারা আছে, তারা আগের শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী। তারা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাচ্ছে। তারা নজরদারিতে রয়েছে। গতকাল শনিবার ঢাকার কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।
শীর্ষ সন্ত্রাসীদের তালিকার বিষয়ে সাংবাদিকরা কমিশনারকে প্রশ্ন করেন। উত্তরে তিনি বলেন, সন্ত্রাসীদের তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারা মাথাচাড়া দেওয়ার আগেই কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। পুলিশি সেবা আরও জনবান্ধব ও গণমুখী করার বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ সময় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর ডিএমপি কমিশনার ক্যাম্পটি পরিদর্শন করেন। ডিএমপির উদ্যোগে প্রতিষ্ঠিত এই ক্যাম্প কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পুলিশ সদস্যদের অপরাধে জড়ানোর বিষয়ে কমিশনার বলেন, কোনো সদস্য অপরাধে জড়ালে চাকরিচ্যুতিসহ বিভাগীয় মামলা দেওয়া হয়। গত কয়েক সপ্তাহে নানা অভিযোগে পুলিশের অনেক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ সময় অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×