ফারহান ফাইয়াজসহ ৯ জনকে হত্যা
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শুরু
জাহাঙ্গীর কবির নানক ও ব্যারিস্টার ফজলে নুর তাপস
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৬:০০
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেকমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
পাশাপাশি মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ জুন দিন ঠিক করা হয়। অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হলো। এ মামলায় আনা তিনটি অভিযোগে প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন। আহত হন আরও অনেকে।
আদেশের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ছাত্র-জনতার ওপর নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যে ‘ওপেন নির্দেশনা’ দেওয়া হয়েছিল, তারই অংশ হিসেবে মোহাম্মদপুরে কিশোর ফাইয়াজকে নির্মমভাবে হত্যা করা হয়। ফাইয়াজ হত্যাসহ ১৮ ও ১৯ জুলাইয়ের অন্যান্য ঘটনায় শেখ হাসিনা, তাপসসহ মোট ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়েছে।
এদিন ২৮ আসামির বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ পড়ে শোনানো হয়। এরপর কাঠগড়ায় থাকা চার আসামিরা দোষী না নির্দোষ জানতে চাইলে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশসহ সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এদিন এ মামলায় গ্রেপ্তার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
পলাতক ২৪ আসামি হলেন- ঢাকা উত্তরের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিসি রওশুনুল হক, এমএ সাত্তার, তোফায়েল, তারেকুজ্জামান, আরিফুর রহমান তুহিন, আহাদ হোসাইন, মো. ইউনূস, মোল্লা রুবেল, আজিজুল হক, রিয়াজ মাহমুদ, হুদয়, মাইনুল ইসলাম, শেখ বজলুর রহমান, জহির উদ্দিন, আয়মান, সেন্টু মিয়া ও ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।
- বিষয় :
- রাজধানী
