সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী
কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে
সালাহউদ্দিন আহমেদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০৮:০০
| প্রিন্ট সংস্করণ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে এখনও আনুষ্ঠানিক উদ্যোগের কথা বাংলাদেশকে জানানো হয়নি। নোম্যান্স ল্যান্ড (শূন্যরেখা) বজায় রেখে ভারত নিজেদের সীমানার ভেতর কোনো ব্যবস্থা নিতে চাইলে সেটি কূটনৈতিকভাবে আলোচনা হবে।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, পশুর হাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতিবিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, গার্মেন্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত সোমবার ভারতের হাওড়ায় রাজ্য সচিবালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন– বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকার।
এই প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের কোনো অঙ্গরাজ্যের নির্বাচন বা তার ফল সে দেশের অভ্যন্তরীণ বিষয়। কোনো অঙ্গরাজ্যের নির্বাচনের পর কোনো বিজয়ী দল বক্তব্য দিলে সেটার জবাব আমরা সার্বভৌম সমতার ভিত্তিতে দিই না। আমাদের জানাতে হবে– ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সীমান্তে তারা কিছু করতে চায় কিনা। সেটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তারা কথা বলবে। এ ধরনের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে কী বলছে, সেটাই গুরুত্বপূর্ণ।
পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সহিংসতা ও মুসলমানদের ওপর হামলার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমেদ বলেন, সামাজিক মাধ্যমে পুরোনো কিছু ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
- বিষয় :
- সালাহউদ্দিন আহমেদ
