৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি
জহির উদ্দিন স্বপন
বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ০৭:৪১
| প্রিন্ট সংস্করণ
বিগত সরকারের লুটপাটের কারণে বর্তমান সরকারকে উত্তরাধিকারসূত্রেই ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা ঘাড়ে নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, ‘আমরা উত্তরাধিকারসূত্রে বিগত (আওয়ামী লীগ) সরকারের লুটপাট করা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি।
আমাদের প্রতিবছর ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে হবে। দেশের রপ্তানি আয় ও রেমিট্যান্সের তুলনায় আমদানিতে অনেক বেশি ব্যয় করতে হবে।’
তিনি বলেন, ‘এই বিশাল ঘাটতি ও ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করানো এক কঠিন চ্যালেঞ্জ। আসমান থেকে টাকা আসবে না। আমাদের কঠোর পরিশ্রম ও স্থিতিশীল পরিবেশের মাধ্যমেই এই অর্থনীতি পুনরুদ্ধার করতে হবে।’
গতকাল বুধবার সকালে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের (আওয়ামী লীগ) রেখে যাওয়া ভঙ্গুর ও লুটপাটের অর্থনীতিকে পুনরায় স্বাবলম্বী করতে কমপক্ষে আরও দুই বছর সময় প্রয়োজন। তিনি বলেন, এই সংকটময় সময়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে জাতীয় পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক (হাফি) এবং উত্তরা ১২ নম্বর সেক্টর বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমী।
- বিষয় :
- জহির উদ্দিন স্বপন
