ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অবসরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার, দায়িত্বে এস এন নজরুল

অবসরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার, দায়িত্বে এস এন নজরুল
×

মো. সরওয়ার ও এস এন নজরুল ইসলাম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০১:২৯

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বৃহস্পতিবার অবসরে গেছেন। সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় রাতে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এস এন নজরুল ইসলাম সমকালকে বলেন, 'স্যার (মো. সরওয়ার) নিয়ম অনুযায়ী অবসরে গেছেন। আর নতুন কমিশনার এখনও নিয়োগ না হওয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।'

ডিএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর আবদুল গনি রোডে ডিএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন মো. সরওয়ার। তবে গত সপ্তাহেই নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হলেও তিনি এখনও নতুন কর্মস্থলে যোগ দেননি।

এর আগে ২৬ মার্চ অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. সরওয়ারকে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নতুন কমিশনার যোগ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল।

বর্তমানে ডিএমপি কমিশনারের দায়িত্ব পাওয়া এস এন নজরুল ইসলাম ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেন।

আরও পড়ুন

×