ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আলোচনা সভায় বক্তারা

বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে ৯০ শতাংশ এলপিজি স্টেশন

বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে ৯০ শতাংশ এলপিজি স্টেশন
×

গোলটেবিল বৈঠকের আলোচনায় বক্তারা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ২১:৪৮

প্রাকৃতিক গ্যাসের ঘাটতির কারণে দেশে এলপি গ্যাসের নানামুখী ব্যবহার বাড়লেও ভয়ঙ্কর এই বিস্ফোরক দ্রব্যটি নিয়ে সেই তুলনায় জনসচেতনতা বাড়েনি। পূর্ব সতর্কতার অভাবেই অধিকাংশ দুর্ঘটনাগুলো ঘটছে। ৯০ শতাংশ এলপিজি স্টেশন বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। এছাড়া নিরাপত্তার নিয়ম না মানা এবং দুর্বল যন্ত্রাংশ ব্যবহারেও দুর্ঘটনা ঘটছে। 

আজ রোববার এলপি গ্যাস খাতের নিরাপত্তা নিয়ে এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) আয়োজিত গোলটেবিল বৈঠকের আলোচনায় বক্তারা এসব কথা বলেন। 

মূল প্রবন্ধে বুয়েটের ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ইয়াসির আরাফাত খান বলেন, ৯০ শতাংশ এলপিজি স্টেশন বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ব্যবহারকারী থেকে শুরু করে বিভিন্ন স্তরের বিক্রেতাদের জন্য পুরোপুরি নিরাপত্তা প্রশিক্ষণ দরকার। অনেক স্থানে অনুমোদনহীন স্টোরেজ রয়েছে। নিরাপত্তা সংক্রান্ত ইকুইপমেন্টও অনেক জায়গায় থাকে না। অনেকে ব্যয় সংকোচনের জন্য সেইফটি টুলসগুলো বসানো হয় না। এলপিজি খাত বড় হচ্ছে, কিন্তু নিরাপত্তার বিষয়টি সেভাবে শক্ত হচ্ছে না। যেকোনো দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটি অনেক সময় রিপোর্ট প্রকাশ করে না। সেজন্য সচেতনতা বাড়ে না। পূর্ব সতর্কতা অনেক দুর্ঘটনা রোধ করতে পারে। অবৈধভাবে অটোগ্যাস স্টেশন থেকে সিলিন্ডার ফিলিং হচ্ছে। এটিও দুর্ঘটনার কারণ হতে পারে। 

লোয়াব সভাপতি আমিরুল হক বলেন, নিরাপত্তার বিষয়টি আমরা কেউ অস্বীকার করতে পারি না। বিইআরসি ও বিস্ফোরক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সবাইকে কমপ্লায়েন্স অর্জন করতে হবে। 

এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, প্রাকৃতিক গ্যাসের সংকটের কারণে এখন এলপি গ্যাস বেশ গুরুত্ব পাচ্ছে। এলপিজি নিরাপত্তা নিয়ে প্রশিক্ষণ চালু করা, নীতিমালা তৈরি করার যে প্রস্তাব এসেছে সেগুলো এগিয়ে নিতে হবে। নিরাপত্তার বিষয়ে প্রশিক্ষণ বা জাতীয় পর্যায়ে প্রচারণা শুরু করা উচিত। 

এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল মাওলা বলেন, সেইফটি ইস্যুতে আমরা লড়াই করছি। এর প্রধান কারণ হচ্ছে মানহীন যন্ত্রাংশ ব্যবহার।  আরেকটা হচ্ছে ব্যবহারকারীদের মধ্যে সঠিক জ্ঞানের অভাব। এলপি গ্যাস স্টেশনের নীতিমালা হওয়ার আগেই সরকার গ্যাস স্টেশনের অনুমোদন দিয়েছিল।

আরও পড়ুন

×