ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি কোরবানি হচ্ছে না

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি কোরবানি হচ্ছে না
×

খামারে অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পের’ চুল আঁচড়ে দেন এক ব্যক্তি। ১৭ মে নারায়ণগঞ্জে। ছবি: এএফপি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬ | ২০:২৭ | আপডেট: ২৭ মে ২০২৬ | ২০:৩২

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে এটিকে আবার খামারে নিয়ে লালন-পালন করা হবে বলে জানা গেছে।

বুধবার কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। 

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ বলেন,‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ এসেছে মহিষটি কোরবানি করা যাবে না। এটিকে আপাতত থানায় নিয়ে যেতে বলেছে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটি থানায় রাখা হয়েছে। পরবর্তীতে কি করা হবে-তা নির্ভর করছে নির্দেশনার ওপর।’

এটি বিরল প্রজাতির প্রাণী হওয়ায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হতে পারে বলেও জানান তিনি। 

অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ট্রাম্প। 

মহিষটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। মহিষটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও খবরের শিরোনাম হয়েছে। সুদূর ফ্রান্সের গণমাধ্যম টিএফওয়ান-এর ফেসবুক পেজে মহিষটি নিয়ে বানানো একটি রিল ৬২ লাখের বেশি দেখা হয়েছে। 

সমকালের ১২ মের প্রতিবেদন অনুযায়ী, ৭০০ কেজি ওজনের মহিষটি লাইভ ওয়েট হিসেবে প্রতিকেজি ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। সে হিসেবে মোট দাম পড়েছে ৩ লাখ ৮৫ হাজার টাকা।

আরও পড়ুন

×