ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সড়ক দুর্ঘটনা

স্বামীর মরদেহ নিয়ে ফেরা হলো না জাহানারার

৯ জেলার ঝরল ১৪ জনের প্রাণ

স্বামীর মরদেহ নিয়ে ফেরা হলো না জাহানারার
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ০৭:৫৫

| প্রিন্ট সংস্করণ

ঢাকার হাসপাতাল থেকে স্বামীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে নড়াইলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক নারী। এ সময় নিহত হন অ্যাম্বুলেন্সের চালকও। এই দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। গতকাল বুধবার সকালে নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই সাতজন হতাহত হন। এ নিয়ে গতকাল ও মঙ্গলবার দেশের ৯ জেলার সড়কে প্রাণ গেছে ১৪ জনের।

স্বামীর মৃত্যুর চার ঘণ্টার মধ্যে দুর্ঘটনা
নড়াইলে দুর্ঘটনায় নিহত জাহানারা বেগম (৫৫) যশোরের মাহিদিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। একই দুর্ঘটনায় নিহত অ্যাম্বুলেন্সের চালক আকবর হোসেন (৩২) লক্ষ্মীপুর জেলার পূর্ব চককলাপোতার বাসিন্দা। 

স্বজনের বরাতে পুলিশ জানায়, ইসমাইল-জাহানারা দম্পতির ছেলে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তাহের ঢাকায় কর্মরত। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন ইসমাইল হোসেন। তিনি ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল ভোরে মারা যান ইসমাইল। তাঁর মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন পরিবারের ৯ সদস্য। সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল-কালনা মহাসড়কের পূর্ব বালিয়াডাঙ্গায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাহানারা বেগম। 
গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্য এক ব্যক্তিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয় বলে নিশ্চিত করেন নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু।

কিশোরগঞ্জে নিহত ৪
দুই দিনে কিশোরগঞ্জের দুই উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের। গতকাল সকালে জেলার পাকুন্দিয়ায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে নিহত হন আসিফুল্লাহ সজীব (২০) নামের এক তরুণ। উপজেলার নারান্দি ইউনিয়নের আগরপাট্টা গ্রামের খোকন মিয়ার ছেলে সজীব ঢাকার লালবাগ মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। 
এদিকে মঙ্গলবার রাত ৯টার দিকে কুলিয়ারচরের মধুয়ারচর এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৫ জন আহত হন। গুরুতর অবস্থায় মোটরসাইকেল আরোহী আশিক মিয়া (২৪) ও অটোরিকশার যাত্রী রাসেল মিয়াকে (২৫) হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। একইদিন সন্ধ্যা ৭টার দিকে দ্বাড়িয়াকান্দি-ডুমরাকান্দা সড়কের ভিটিগাঁও এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুস সাত্তার (৫৫)। তাঁর বাড়ি উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়ায়।

বাস পুকুরে, যুবক নিহত
খুলনার ডুমুরিয়ায় গতকাল যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে সাইদুর রহমান সাইদ নামের এক যুবক নিহত হন। এ দুর্ঘটনায় ১৩ জন আহত হন। সকাল সাড়ে ৯টার দিকে গুটুদিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদ খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের বাসিন্দা। ডুমুরিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, সকাল ৯টার দিকে পাইকগাছা থেকে ছেড়ে আসা জ্যোতি ক্লাসিক নামের বাসটি বেপরোয়া গতিতে খুলনার দিকে আসছিল। গুটুদিয়া মোড় পার হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পুকুরে পড়ে যায়। 

দুর্ঘটনায় অটোরিকশা
কুড়িগ্রামের রাজারহাটে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আইয়ুব আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ছিনাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হন। 
এদিন সকালে কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত দুটি অটোরিকশার সংঘর্ষে মাওলানা মোসলেহ উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক। রাতে মুরাদনগরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। আশ্রাফ আলী নামের এক ব্যক্তি। 

চাপা পড়ে নিহত শিশু ও বৃদ্ধ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের চাপায় ঋক সূত্রধর (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঋক সূত্রধর ওই এলাকার নান্টু সূত্রধরের ছেলে বলে জানা গেছে।
এদিন সকাল ১০টার দিকে নওগাঁর পত্নীতলায় ট্রাক্টর চাপায় রমজান আলী মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন। উপজেলার খড়াইল মোড়ে এ দুর্ঘটনার পরপরই ট্রাক্টরসহ চালককে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।

গতকাল দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় নিহত হয়েছেন মেহেদী হাসান (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী। তিনি নাসির গ্রুপের কর্মী। 

আহত প্রকৌশলীর মৃত্যু
ফেনীর দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় আহত জোনায়েদ কাইছার সৌরভ (৩৫) মারা গেছেন। তিনি পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার বিকেলে দাগনভূঞার দাসপাড়ার ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে ফেনী যাচ্ছিলেন তিনি। স্বপন হোটেলের কাছে বাসের ধাক্কায় গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে এলাকাবাসী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই রাত ৯টার দিকে সৌরভ মারা যান। গতকাল বেলা ১১টায় জানাজা শেষে 
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বক্স আলী তালুকদার বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর দাফন হয়েছে।
 (তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি)
 

আরও পড়ুন

×