ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

নিয়োগ পেয়েও যোগ দিতে পারছেন না বাণিজ্য সচিব

নিয়োগ পেয়েও যোগ দিতে পারছেন না বাণিজ্য সচিব
×

আতাউর রহমান খান

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৭:৩১

| প্রিন্ট সংস্করণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে গত ২৫ মে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে গতকাল শনিবার পর্যন্ত তিনি পদায়নকৃত কর্মস্থলে যোগ দিতে পারেননি। 

জানা যায়, গত সোমবার সকালে ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে নিয়োগপ্রাপ্ত সচিব বাণিজ্য মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে যান। কিছুক্ষণ পর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের দপ্তরে গিয়ে যোগদানপত্র দাখিল করেন। তবে মন্ত্রী তাঁর যোগদানপত্র গ্রহণ করেননি। 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আতাউর রহমানকে গত ২৫ মে ঈদের ছুটিতে অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর অনুবিভাগে অন্য অতিরিক্ত সচিব পদায়ন করা হয়। বর্তমানে বাণিজ্য সচিবের রুটিন দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান। আসন্ন বাজেটের মধ্যে রুটিন দায়িত্বে থাকা এই সচিব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। ফলে বাজেট-সংক্রান্ত জরুরি অনেক কাজ ব্যাহত হচ্ছে।  

জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বাণিজ্য সচিব নিয়োগের পর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে কেউ হয়তো ভুল তথ্য উপস্থাপন করেছেন। এ জন্য তিনি যোগদানপত্র গ্রহণ করেননি। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও উপদেষ্টার আলোচনা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।     
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গত ১৭ এপ্রিল রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর প্রশাসন ক্যাডারের কয়েকজন কর্মকর্তা বাণিজ্য সচিব হওয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যে আতাউর রহমান খানকে বাণিজ্য সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসন ক্যাডারের কয়েকজন কর্মকর্তা বাণিজ্যমন্ত্রীকে জানিয়েছেন, আতাউর রহমান খান বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা। বাণিজ্য-সংক্রান্ত কাজের অভিজ্ঞতা নেই। তিনি পরিকল্পনা কমিশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন। ২০১৮ সালে বিসিএস  ইকোনমিক ক্যাডারকে বিলুপ্ত করে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করা হয়।

এ বিষয়ে জানতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের মোবাইল ফোনে গতকাল শনিবার একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। ফোনে খুদেবার্তা পাঠালেও তিনি উত্তর দেননি। 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী গতকাল সমকালকে বলেন, সচিব পদে যোগদান করতে অতীতে অনেক ক্ষেত্রে এক-দুই মাস দেরি হয়েছে। সেখানে এক সপ্তাহ দেরি হতেই পারে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি বলেন, নতুন সচিব যোগদানপত্র দিয়েছেন, এখন যে কোনো সময় দায়িত্ব গ্রহণ করতে পারেন।  

আরও পড়ুন

×