ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

বাড়ির উঠান থেকে তুলে নিয়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

বাড়ির উঠান থেকে তুলে নিয়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
×

প্রতীকী ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৭:৩২ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ০৭:৫০

| প্রিন্ট সংস্করণ

গাইবান্ধার সাঘাটায় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার বুরুঙ্গী বিল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর চিৎকার শুনে এলাকাবাসী তিনজনকে আটক করতে পারলেও একজন পালিয়ে যায়। গতকাল শনিবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। 

এ ছাড়া গত কয়েক দিনে ভালুকা, সুন্দরগঞ্জ, কালীগঞ্জ ও তাহিরপুরে চার শিশু, বোয়ালমারী ও টাঙ্গাইলে দুই বুদ্ধিপ্রতিবন্ধী নারী, লোহাগড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরী, শিবালয়ে ভিক্ষুককে ধর্ষণ এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গৃহবধূর নগ্ন ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

সাঘাটার ঘটনায় গ্রেপ্তার যুবকরা হলেন গাছাবাড়ী মধ্যপাড়া এলাকার লাবু মিয়া (২৫), নীরব মিয়া (২০) ও স্বাধীন ব্যাপারী (২২)। এ ছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বিপ্লব ওরফে ডিপজলের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়। 

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১২টার দিকে বাড়ির উঠানে ওই কিশোরী মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় চার যুবক পেছন থেকে মুখ চেপে ধরে তাকে বুরুঙ্গী বিলের পাশে নিয়ে যায়। সেখানে তারা কিশোরীকে ধর্ষণ করে এবং তার কাছে থাকা মোবাইল ফোন ও দুই হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে এলাকাবাসী ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে এবং একজন পালিয়ে যায়। পরে গতকাল সকালে সাঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।

সাঘাটা থানার ওসি মাহবুব আলম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর চাচা ফিরোজ কবির বাদী হয়ে একটি মামলা করেছেন। 

ভালুকায় সাত বছরের শিশুকে ধর্ষণ 
ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী ইউনিয়নে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত ফালান মিয়া উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন জামিরদিয়া এলাকার মৃত হযরত আলীর ছেলে। মামলার এজাহার অনুযায়ী, ১ জুন দুপুরে শিশুটি স্থানীয় দোকানে শ্যাম্পু কিনতে গেলে ফালান মিয়া তাকে ফুসলিয়ে একটি পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে ধর্ষণ করে। 

বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ 
ফরিদপুরের বোয়ালমারীতে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফয়জুল্লাহ মোল্যা (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফয়জুল্লাহ ওই ইউনিয়নের চন্দনি গ্রামের সোলেমান মোল্যার ছেলে। স্থানীয়রা জানান, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফয়জুল্লাহ তাঁর প্রতিবেশী ওই কিশোরীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। 

টাঙ্গাইলের নাগরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ 
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত শুক্রবার প্রতিবেশী সাজ্জাদ হোসেনের ছেলে শাকিব তাঁকে একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। মেয়ের ফিরতে দেরি দেখে মা খুঁজতে বের হলে শাকিবকে আপত্তিকর অবস্থায় দেখতে পান এবং তাঁকে দেখে শাকিব দ্রুত পালিয়ে যান। 

হরিণাকুণ্ডুতে গৃহবধূর নগ্ন ভিডিও ছড়ানোর অভিযোগ 
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক গৃহবধূকে নির্যাতন এবং জোরপূর্বক নগ্ন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন ভুক্তভোগীর দেবর আইজ উদ্দিন মণ্ডল, শাহিন ও সিফাত। লিখিত অভিযোগে বলা হয়েছে, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৯ মে রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে ওই গৃহবধূকে তুলে নিয়ে হাত-পা বেঁধে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। 

এদিকে নড়াইলের লোহাগড়ায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত শুক্রবার অটোরিকশাচালক সেলিম শেখকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন মানিকগঞ্জের শিবালয়ে এক বৃদ্ধা ভিক্ষুককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে, গাইবান্ধার সুন্দরগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজাহার আলী (৫০) নামে এক বৃদ্ধকে এবং সুনামগঞ্জের তাহিরপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা)

আরও পড়ুন

×