পুশইনের প্রতিবাদ
সীমান্ত জেলায় জামায়াত জোটের বিক্ষোভ কাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ০৭:৪১
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আগামীকাল শুক্রবার দেশের সীমান্তবর্তী সব জেলাসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী সোমবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ হবে। গতকাল বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ ঘোষণা দেন। আগের দিন লিয়াজোঁ কমিটির সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।
হামিদুর রহমান আযাদ বলেন, দেশের সীমান্ত আজ অরক্ষিত। সীমান্তে হত্যা দীর্ঘদিনের চলমান পরিস্থিতি। তবে বর্তমান সরকারের আমলে সীমান্তে হত্যার যে চিত্র দেখা যায়, সেটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। প্রতিবেশীসুলভ আচরণ না করে বাংলাদেশের সঙ্গে বাড়াবাড়ি করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির মহাসচিব ইকবাল হোসেন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক।
- বিষয় :
- জামায়াত