ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে আঘাত করা দুজন গ্রেপ্তার, শত্রুতার জেরে হামলা: পুলিশ

মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে আঘাত করা দুজন গ্রেপ্তার, শত্রুতার জেরে হামলা: পুলিশ
×

ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ২০:০৬

রাজধানীর কাফরুলে মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করার ঘটনার রহস্য উদঘাটনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা ও ময়মনসিংহে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মো. পারভেজ ও আনোয়ার হোসেন বাবু। শত্রুতার জের ধরে তারা এ ঘটনা ঘটান বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের ১০০ গজ পূর্বে ইব্রাহিমপুরের রাস্তা দিয়ে মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন ভুক্তভোগী মো. রাফি। তখন দুষ্কৃতিকারীরা তার মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করেন। গুরুতর আহত হয়ে তিনি মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে দুষ্কৃতিকারীরাই ঘটনাস্থল থেকে অটোরিকশায় তাকে তুলে নিয়ে যান। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

উপকমিশনার জানান, ভুক্তভোগীর চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। তদন্তে নেমে কাফরুল থানা পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করে। গ্রেপ্তাররা ছাড়া অভিযুক্ত দুজন হলেন– মো. ফয়সাল ওরফে কালু ও মো. আমিন।

বৃহস্পতিবার কাফরুল থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ধোবাউড়া থানার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে পারভেজকে গ্রেপ্তার করে। অপর একটি দল ইব্রাহিমপুর এলাকা থেকে বাবুকে গ্রেপ্তার করে। ঘটনাস্থলের কাছের একটি স্থান থেকে ভুক্তভোগীর মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উপকমিশনার মোস্তাক সরকার বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, রাফির বাসায় আগে ভাড়া থাকতেন পারভেজ। তিনি ও তার সহযোগীরা এলাকায় মাদক কারবারে জড়িত। এ নিয়ে রাফির সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। গত ৯ জুন সন্ধ্যায় রাফির সঙ্গে পারভেজ ও কালুর বাকবিতণ্ডা হয়। এর জের ধরে তারা রাফিকে ‘দেখে নেওয়া’র হুমকি দেন। পরদিন রাত ১টার দিকে পারভেজ, কালু, বাবু ও আমিন পূর্ব শেওড়াপাড়া এলাকায় অবস্থান নেন। রাফি মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালে আমিন গতিরোধের চেষ্টা করেন। মোটরসাইকেল না থামালে পারভেজ ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে তারা বিষয়টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চালান।

তিনি আরও বলেন, তারা আশপাশের লোকজনকে জানান, ওপর থেকে ইট পড়ে রাফি আহত হয়েছেন। শেষে তারা রাফিকে অটোরিকশায় করে নিয়ে ইব্রাহিমপুর এলাকায় ফেলে রেখে চলে যান। গ্রেপ্তার পারভেজ ও কালুর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এর আগে কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করে র‍্যাব-৪ এর সদস্যরা। পুলিশ ও র‍্যাবের গ্রেপ্তার করা চারজনকে হত্যাচেষ্টার মামলায় কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও কাফরুল থানার এসআই হাসিবুর রহমান তিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তিন আসামির মধ্যে পারভেজ ও বাবুর পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। আর কালুর পক্ষে জামিন আবেদন ছিল না।

এদিকে রাফির সুচিকিৎসার ব্যবস্থা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তার স্বজনরা। তারা বলেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাফি। সবাই আহত হওয়ার ঘটনা নিয়ে আলোচনা করলেও তার শারীরিক অবস্থার খোঁজ কেউ নেননি। রাফি যেন যথাযথ চিকিৎসা পেয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন তারা।

আরও পড়ুন

×