বিশ্বকাপের উদ্বোধনী রাতেই ওটিটিতে ভোগান্তি, ক্ষোভ ফুটবলপ্রেমীদের
প্রতীকী ছবি, এআই দিয়ে তৈরি।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ২০:৪৯ | আপডেট: ১২ জুন ২০২৬ | ২১:০১
বিশ্বকাপ ফুটবল মানেই বিশ্বজুড়ে কোটি দর্শকের আবেগ, উত্তেজনা আর রাতজাগা উচ্ছ্বাস। কিন্তু ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ঘিরে বাংলাদেশে সেই উচ্ছ্বাস রূপ নেয় তীব্র ভোগান্তিতে। সাবস্ক্রিপশন ফি পরিশোধ করেও দেশের প্রধান দুই মোবাইল অপারেটর-নির্ভর ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাস ও টফিতে নির্বিঘ্নে খেলা দেখতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন হাজারো দর্শক।
দর্শকদের অভিযোগ, ম্যাচ শুরুর আগেই সেবা গ্রহণের প্রক্রিয়ায় শুরু হয় বিড়ম্বনা। ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পেতে কারও ক্ষেত্রে ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত সময় লেগেছে। আবার অনেক ব্যবহারকারী জানিয়েছেন, ওটিপি নির্ধারিত সময়ের অনেক পরে পৌঁছেছে- যখন সাবস্ক্রিপশন প্রক্রিয়াই আর কার্যকর ছিল না। পেমেন্ট লিংক পেতেও দীর্ঘ অপেক্ষার মুখে পড়তে হয়েছে গ্রাহকদের।
সব প্রক্রিয়া শেষ করে অ্যাপে প্রবেশ করলেও ভোগান্তি শেষ হয়নি। ম্যাচ চলাকালীন সময়ে প্রায় প্রতি কয়েক সেকেন্ড বা মিনিট পরপর স্ট্রিমিং থেমে যাওয়া, লোডিং স্ক্রিনে আটকে থাকা এবং হঠাৎ অ্যাপ থেকে লগআউট হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। অনেকেই অভিযোগ করেছেন, স্মার্ট টিভিতে খেলা দেখতে গিয়ে পুরো সময়জুড়ে কেবল বাফারিংই দেখতে হয়েছে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সম্পূর্ণভাবে মিস হয়েছে।
হাসনাত নামের এক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, তিনি রাতে ওটিপি চেয়ে পেয়েছেন সকালে। বিষয়টি ব্যঙ্গ করে তিনি মন্তব্য করেন, এত দ্রুত ওটিপি পাওয়া সত্যিই বিস্ময়কর। অন্যদিকে মাইনুদ্দিন আজাদ নামের আরেকজন জানান, সাবস্ক্রিপশন নেওয়ার পরও অ্যাপ চালু করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে এবং পরে স্ট্রিমিং বারবার বন্ধ হয়ে গেছে।
আরও অনেক ব্যবহারকারী জানিয়েছেন, একসঙ্গে বিপুলসংখ্যক দর্শক প্রবেশ করায় সার্ভার চাপ সামলাতে ব্যর্থ হয়েছে। তবে তাদের প্রশ্ন- চার বছর আগে থেকেই নির্ধারিত একটি বৈশ্বিক আয়োজনের জন্য কেন পর্যাপ্ত প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানানোর কথাও জানান। অনেকে মন্তব্য করেন, বিজ্ঞাপন ও বিপণনে যতটা বিনিয়োগ করা হয়েছে, সেবার মান উন্নয়নে ততটা মনোযোগ দেওয়া হয়নি।
বায়োস্কোপ প্লাসের পক্ষ থেকে গ্রামীণফোন জানায়, অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটির কারণে কিছু গ্রাহক সাময়িকভাবে সেবায় বিঘ্নের মুখে পড়েছেন। প্রতিষ্ঠানটির হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, দ্রুততম সময়ে সমস্যা সমাধানে কাজ করা হয়েছে এবং গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে টফি এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপ ফিডের স্বত্বাধিকারী ও প্রযুক্তিগত অংশীদারদের সঙ্গে সমন্বয় করে সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। তারা আরও জানায়, প্ল্যাটফর্মের সক্ষমতা বাড়ানো ও সেবাকে আরও নিরবচ্ছিন্ন করতে কাজ অব্যাহত রয়েছে।
আইস্ক্রিন প্ল্যাটফর্মও দাবি করেছে, উদ্বোধনী ম্যাচে কয়েক লাখ দর্শক তাদের মাধ্যমে খেলা উপভোগ করেছেন। তবে ব্যবহারকারীদের বড় অংশের অভিজ্ঞতা ছিল ভিন্ন।
বিশ্বকাপ চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। প্রথম রাতের অভিজ্ঞতা সামনে রেখে এখন ফুটবলপ্রেমীদের একটাই প্রশ্ন- পরবর্তী ম্যাচগুলোতে কি তারা নির্বিঘ্নে খেলা দেখতে পারবেন, নাকি আবারও সাবস্ক্রিপশন দিয়ে শুধু ‘লোডিং আইকন’-এর সঙ্গেই সময় কাটাতে হবে?
