সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ তৈরি হচ্ছে বাংলাদেশে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ০৮:৪২
| প্রিন্ট সংস্করণ
বিরল ও প্রাণঘাতী সিস্টিক ফাইব্রোসিস (সিএফ) রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের জেনেরিক সংস্করণ বাজারে এনেছে দেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই ওষুধের সাশ্রয়ী সংস্করণ দেশে উৎপাদিত হওয়ায় রোগীর জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
গতকাল সোমবার টঙ্গীতে বেক্সিমকো ফার্মার কারখানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ ছয়টি দেশের রোগী ও তাদের প্রতিনিধিদের হাতে ওষুধটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বেক্সিমকো ফার্মা ট্রিকো নামে ইলেক্সাক্যাফটর, টেজাক্যাফটর ও আইভাক্যাফটরের সমন্বয়ে তৈরি ওষুধ বাজারে এনেছে। এটি যুক্তরাষ্ট্রের ভার্টেক্স ফার্মাসিউটিক্যালস উদ্ভাবিত ট্রিকাফটার জেনেরিক সংস্করণ।
সিস্টিক ফাইব্রোসিস একটি বিরল বংশগত রোগ। এতে ফুসফুস ও পরিপাকতন্ত্রে ঘন শ্লেষ্মা জমে শ্বাসপ্রশ্বাস ও হজম প্রক্রিয়া ব্যাহত হয়। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিশ্বে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ এ রোগে আক্রান্ত। বাংলাদেশে আনুমানিক ২০০ জন এই রোগে আক্রান্ত। বিশ্বে প্রায় ৮০ হাজার রোগী এখনও শনাক্ত হয়নি।
যুক্তরাষ্ট্রে ওষুধটির বার্ষিক চিকিৎসা ব্যয় প্রায় ৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার হওয়ায় অধিকাংশ রোগীর নাগালের বাইরে রয়ে গেছে। পেটেন্ট সুরক্ষার কারণে এত দিন এর জেনেরিক সংস্করণ বাজারে ছিল না। স্বল্পোন্নত দেশ হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রিপস চুক্তির আওতায় ওষুধের পেটেন্ট সুরক্ষা কার্যকরের বাধ্যবাধকতা থেকে বাংলাদেশ অব্যাহতি পেয়ে থাকে। সেই সুযোগ কাজে লাগিয়ে বেক্সিমকো ফার্মা ওষুধটির জেনেরিক সংস্করণ উৎপাদন করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ট্রিকোর বার্ষিক মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ১২ হাজার ৭৫০ মার্কিন ডলার এবং শিশুদের জন্য ৬ হাজার ৩৭৫ ডলার নির্ধারণ করা হয়েছে, যা মূল ওষুধের মূল্যের তুলনায় ৯৬ শতাংশ কম। বেক্সিমকোর হিসাবে, মূল ব্র্যান্ডের একজন শিশুর চিকিৎসা ব্যয়ে ট্রিকোর মাধ্যমে ৫৮ শিশুর চিকিৎসা দেওয়া সম্ভব। এ ছাড়া বেক্সডেকো নামে আইভাক্যাফটরের আরেকটি জেনেরিক সংস্করণও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। এর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ট্যাবলেট ৫ মার্কিন ডলার। প্রাথমিকভাবে সিএফ বায়ার্স ক্লাবের মাধ্যমে নির্দিষ্ট রোগীদের কাছে ওষুধ সরবরাহ করা হবে। পরে উৎপাদন বাড়িয়ে বিভিন্ন দেশে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে যুক্তরাজ্যভিত্তিক রোগী অধিকার সংগঠন রাইট টু ব্রিদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংগঠনটির বৈশ্বিক প্রচারণার নেত্রী গেইল প্লেজার বলেন, উচ্চমূল্যের কারণে বর্তমান যুগান্তকারী ওষুধগুলো বিশ্বের অধিকাংশ সিস্টিক ফাইব্রোসিস রোগীর নাগালের বাইরে। রোগীদের আহ্বানে সাড়া দিয়ে বেক্সিমকো ফার্মা প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। বেক্সিমকো ফার্মার প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা বলেন, সাশ্রয়ী মূল্যে এই চিকিৎসা সহজলভ্য হওয়ায় বিশ্বের হাজারো সিস্টিক ফাইব্রোসিস রোগীর জীবনে পরিবর্তন আসবে।
- বিষয় :
- ওষুধ
