পদ্মার বালুমহাল দখল নিয়ে ফের সংঘর্ষ, গুলিতে নিহত ১
ঈশ্বরদী (পাবনা) ও লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৮:২৪
| প্রিন্ট সংস্করণ
পদ্মা নদীর বালুমহালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাবনার ঈশ্বরদী, নাটোরের লালপুর ও কুষ্টিয়ার ভেড়ামারা সীমান্তবর্তী পদ্মা নদীর রায়টা চর এলাকায় গুলিতে সাহাবুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে আরেক জেলে আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে পদ্মা নদীর রায়টা চর এলাকার একটি মাছধরা নৌকা থেকে সাহাবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ ও নৌ পুলিশ। নিহত সাহাবুল ইসলাম পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়াগোপালপুর গ্রামের ইনু প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রের দাবি, তিনি কাকন বাহিনীর নিয়ন্ত্রিত বালু পয়েন্টের পাহারার দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে নদীর তীরবর্তী চর এলাকায় অজ্ঞাত কয়েকজন অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি চালায়। ওই সময় শ্যালো ইঞ্জিনচালিত একটি মাছধরা নৌকায় থাকা সাহাবুল গুলিবিদ্ধ হন। গুলিতে তাঁর কাঁধ ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে থাকা রবিউল ইসলাম আহত অবস্থায় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির এসআই সেলিম মিয়া জানান, প্রাথমিক সুরতহালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর আলামত পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি পাবনা জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়ে থাকার কারণে বিস্তারিত পরে জানাবেন বলে জানান।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। কাউকে আটক করা সম্ভব হয়নি।
- বিষয় :
- নিহত
