জামায়াতের সেই সংসদ সদস্যকে মাইক্রোওয়েভ দিতে চাইলেন পার্থ
সংসদে বক্তব্য রাখছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১৯:২৩
জামায়াতের সেই সংসদ সদস্যকে মাইক্রোওয়েভ দিতে চাইলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর বক্তব্য দিতে গিয়ে মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন এবং পর্দা চেয়েছিলেন তিনি। তার জবাবে বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সেই সংসদ সদস্যকে আন্দালিব রহমান পার্থ মাইক্রোওয়েভ দিতে চান। পাশাপাশি জামায়াতের নেতা যা চেয়েছেন, তা দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। তিনি এ সময় আরও বলেন, জামায়াতের এমপির এই ডিমান্ডস ‘ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, অ্যান্ড কার্টিনস’ এটা আমাকে অনেক লজ্জা দেয়।
বৃহস্পতিবার বেলা তিনটায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের আলোচনা শুরুর প্রাক্কালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বলেন আন্দালিব রহমান পার্থ।
প্রসঙ্গত, গতকাল বুধবার বাজেট আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দ দেওয়া ফ্ল্যাটগুলোয় একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি ফ্ল্যাটগুলোর দরজা-জানালায় পর্দা লাগানোরও দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে আন্দালিব রহমান পার্থ বলেন, পয়েন্ট অব অর্ডার সংসদ চলাকালীন বা সংসদীয় ব্যাপারে হতে হবে। এজন্য আমি মনে করলাম যে এটা একটা ব্রডার কনটেক্সটে সংসদকে এফেক্ট করে। অনেক কষ্টের পরেই পার্লামেন্ট আমরা পেয়েছি এবং আমি আমার প্রথম স্পিচেও বলেছিলাম যে, বেস্ট পার্ট অব দা পার্লামেন্ট। এই যে এখানে স্বৈরাচারের কোনো দোসর বা ফ্যাসিস্টের কেউ নেই। গত পার্লামেন্টে পার্লামেন্টের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, পার্লামেন্টের স্ট্যান্ডার্ডকে সাংঘাতিকভাবে নষ্ট করা হয়েছে। আমরা দেখেছি এখানে মমতাজ থেকে আরম্ভ করে গান হয়েছে। এখানে অন্য কিছু হয়েছে।
পার্থ বলেন, আমার কাছে মনে হচ্ছে যে ডাইরেক্টলি ওদিকে না গেলেও কিছু কিছু জায়গায় কিন্তু আমরা ওদিকে চলে যাচ্ছি। আমরা কিন্তু মেম্বার অব পার্লামেন্ট ছাড়াও অ্যাম্বাসেডর অব দ্য পার্লামেন্ট। আমরা যখন বাইরে কোথাও যাই, আমরা পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করি। কালকে পরশু দিন পার্লামেন্ট থেকে যাওয়ার পরপরই আমি অনেক টেলিফোন পাই এবং সেখানে আমি ডিফেন্ড করার চেষ্টা করি। ডেইলি স্টার নিউজ করেছে—জামায়াত এমপির ডিমান্ডস ‘ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, অ্যান্ড কার্টিনস’। এটা আমাকে অনেক লজ্জা দেয় এবং আমি মনে করি এই পার্লামেন্টকে অনেক লজ্জা দেয়; একজন মেম্বার অব পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবেন, যেখানে বিভিন্ন জনগণের দাবির কথা বলবেন, সেখানে একজন মেম্বার অব পার্লামেন্ট দাঁড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেলেন না, মাইক্রোওয়েভ পেলেন না, কার্টিনস পেলেন না, সেই ব্যাপারে দাঁড়িয়ে কথা বলবেন।
১১ দলীয় জোটের সংসদ সদস্যদের গাড়ি ও প্লট না নেওয়ার ঘোষণা স্মরণ করে দিয়ে পার্থ সংসদে বলেন, যেখানে আবার বলা হয় যে, আমরা গাড়ি নিব না, আমরা প্লট নিব না; এই ব্যাপারে তাহলে আমার কাছে মনে হয় যে আসলেই গাড়ি আর প্লট যখন উনারা বাদ দিলেন, তখন ওনাদের বুকের ওপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হয়েছিল যে, মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। আমার মনে হচ্ছে যে, এই স্ট্যান্ডার্ড আর স্ট্রাকচার আমাদের মেইনটেইন করা উচিত। আমি বলব আমাদের মাননীয় যারা আছেন উনাদেরকে স্পেশালি আমাদের বিরোধী দল এবং এটা কালকে হয়তো আমাদেরকেও বলতে পারে।
পার্থ বলেন, আমি জেনারেলি এটা বলছি, আমি খুব সিরিয়াসলি বলছি। তারপরও যদি আমার ভাই যেহেতু কমেন্ট করেছেন, উনি চান; আমি উনাকে এমব্যারেস না করে আগামীতে যদি উনার পর্দা বা মাইক্রোওয়েভ লাগে, আমি আমার তরফ থেকে উনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই—যদি ওয়াশিং মেশিনটা উনি দেন। হোম মিনিস্টার থাকলে আমি বলতাম যে উনি পর্দাটা যদি কিনে দিয়ে উনার সংসারটা আমরা বুঝায়ে দিতে পারতাম; তারপরও যদি আমার পার্লামেন্টকে উনি এমব্যারেস না করতেন।
- বিষয় :
- সংসদ
- আন্দালিভ রহমান পার্থ
- জামায়াতে ইসলামী
