ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মেক্সিকোর বিরুদ্ধে ড্রোন ক্যামেরায় ‘কৌশল চুরির’ অভিযোগ 

মেক্সিকোর বিরুদ্ধে ড্রোন ক্যামেরায় ‘কৌশল চুরির’ অভিযোগ 
×

মেক্সিকো ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার অনুশীলন। ছবি: এপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ২০:১০ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ২১:২০

ঘরের মাঠে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা মেক্সিকোর দ্বিতীয় পরীক্ষা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এশিয়ার দলটিও প্রথম ম্যাচে জয় পেয়েছে। গ্রুপের দ্বিতীয় লড়াইয়ে জিতলে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি মাঠে গড়াবে। অভিযোগ উঠেছে, ওই লড়াইয়ের আগে দক্ষিণ কোরিয়ার কৌশল ‘চুরির’ চেষ্টা করা হয়েছে। 

শুক্রবারের ম্যাচের আগে দক্ষিণ কোরিয়া দরজা বন্ধ রেখে অনুশীলন সেশন করছিল। অনুশীলন সেশনের কাছাকাছি ড্রোন ক্যামেরা উড়িয়ে ক্লোজ ফুটেজ নেওয়ার অভিযোগ করেছেন এশিয়ার দলটির কোচ হং মায়ং বো। 

তিনি বলেন, ‘গতকাল আমাদের অনুশীলনের সময় একটা ড্রোন ক্যামেরা উড়ছিল, যা নিষ্ক্রিয় করার তথ্য জেনেছি। আমরা কৌশলগত অনুশীলনের সময়ই এটা উড়ছিল, যেটা খুবই দুঃখজনক। যদিও এটা আমাদের ওপর তেমন প্রভাব ফেলবে না। তবে ম্যাচের জন্য অনুশীলনের ওমন গুরুত্বপূর্ণ সময়ে ড্রোন ক্যামেরা উড়ানোর ঘটনা দুঃখজনক।’ 

সংবাদ মাধ্যম এপি’র কাছে নাম প্রকাশ না করার শর্তে মেক্সিকোর মিলিটারি ফোর্সের সূত্র ড্রোন উড়া এবং তা ভূপাতিত  করার বিষয়টি স্বীকার করেছে। তারা জানিয়েছে, কিছু ড্রোন নিরাপত্তা বলয় ভুক্ত অঞ্চলের মধ্যে ঢুকে পড়েছিল। যা তারা নিষ্ক্রিয় করেছেন। এগুলো অনিবন্ধিত ড্রোন। সেনাবাহিনীর এ নিয়ে জনসম্মুখে তথ্য দেওয়ার এখতিয়ার নেই বলেও উল্লেখ করে সূত্রটি।  

মেক্সিকোর বিশ্বকাপ আয়োজক কমিটিও ড্রোন ওড়ার বিষয়টি নিশ্চিত করেছে। কে বা কারা ড্রোন উড়িয়েছে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, এসব তথ্য না দিলেও জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে অনিবন্ধিত কিছু ড্রোন ক্যামেরা নিরাপত্তা বলয়ের মধ্যে চলে আসায় তারা তা নিষ্ক্রিয় করেছে। 

আরও পড়ুন

×