ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
×

গোলাম সাকলায়েন শিথিল ও চিত্রনায়িকা পরীমণি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ১৯:২৪ | আপডেট: ১৮ জুন ২০২৬ | ২০:৩৯

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ‘বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক’ এবং এ কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বশেষ তিনি ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির ডিবির গুলশান বিভাগে এডিসি হিসেবে দায়িত্ব পালনের সময় মো. গোলাম সাকলায়েন চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নৈতিকতাবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরীমণির সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক, জন্মদিন উদ্‌যাপন এবং সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে সময় কাটানোর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পরে অভিযোগের জবাব, ব্যক্তিগত শুনানি ও তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেন। এর পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ নেওয়া হয়। পিএসসিও তাঁর বিরুদ্ধে ‘বাধ্যতামূলক অবসর’ সূচক গুরুদণ্ড আরোপ করা যেতে পারে বলে মত দেয়।

সবশেষে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি গত ১৭ জুন এ শাস্তির অনুমোদন দেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী মো. গোলাম সাকলায়েনকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 
 

আরও পড়ুন

×