ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বেইজিংয়ে প্রধানমন্ত্রী, আজ লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক

বেইজিংয়ে প্রধানমন্ত্রী, আজ লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক
×

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৫:২৬ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ০৫:৩১

 চীনের দালিয়ান থেকে গতকাল বুধবার বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার তিনি বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন।

দালিয়ান থেকে বুলেট ট্রেনে চড়ে গতকাল স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর মাধ্যমে চীনে তাঁর তিন দিনের আনুষ্ঠানিক সফর শুরু হলো। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

রেলওয়ে স্টেশন থেকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে দিয়াওইউতাই গেস্ট হাউসে (রাষ্ট্রীয় অতিথি ভবন) নিয়ে যাওয়া হয়। বেইজিংয়ে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীসহ সফরসঙ্গীরা এই গেস্ট হাউসেই থাকবেন। 

বেইজিংয়ে আসার আগে সকালে দালিয়ানে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। খবর বাসস ও ইউএনবির।

বেইজিংয়ে রেলওয়ে স্টেশনে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (জিএসিসি)-এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতা সুন মেইজুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এ সময় শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর পাশাপাশি চাউমিং স্টেশনে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাইস্পিড ট্রেনযোগে (বুলেট ট্রেন) স্থানীয় সময় বেলা ১টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন। 

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।

আজ বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা জানাবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এরপর দুই প্রধানমন্ত্রী সেখানে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেবেন। এতে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেওয়া হবে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী

বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সম্মেলনে আসা বিশ্বনেতাদের সঙ্গে কথা বলছেন। এই ফোরামে অংশ নেওয়া চীনা বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ বা বৃহৎ পরিসরে উদ্ভাবন। সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।

এতে আরও অংশ নেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসোরিন উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ।

সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের এক হাজার ৭শরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ভোজে তারেক রহমান

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন তারেক রহমানসহ বিভিন্ন দেশের নেতারা। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এই আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী জোবাইদা রহমান এতে অংশ নেন।

নৈশভোজে অংশ নেওয়া অন্য

প্রধানমন্ত্রীরা হলেন–দক্ষিণ কোরিয়ার কিম মিন-সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের ওলজাস বেকটেনভ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, ‘বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে রাষ্ট্রীয় ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা হয়েছে, একসঙ্গে তারা ভোজে অংশ নেন। এর মাধ্যমে উন্মুক্ত আলাপচারিতার পথ উন্মোচিত হয়েছে।’

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। গতকাল দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আসতানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। এছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দেন তারা।

কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষিব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন দেশটির প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে বাংলাদেশের সমর্থন রয়েছে বলে জানান।

আরও পড়ুন

×