ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

২৮ জুন শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড

২৮ জুন শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড
×

ফাইল ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১৩:১১ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ১৪:২১

আগামী ২৮ জুন সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর প্রথম রাউন্ড। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। চলতি বছর দেশে মোট ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

প্রতিমন্ত্রী বলেন, শিশুদের সুস্থতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত দিনে দেশের সব যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবক, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, জাতীয় এ কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত শিশুদের কাছে ভিটামিন ‘এ’ সেবা পৌঁছে দেওয়া হবে। এজন্য সারাদেশে নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন।

বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে নির্ধারিত বয়সী শিশুদের এ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

স্বাস্থ্য বিভাগ ২৮ জুন ক্যাম্পেইনের দিন অভিভাবকদের নিজ নিজ এলাকার নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে। 

আরও পড়ুন

×