সন্ত্রাসের বিরুদ্ধে কাজ চালিয়ে যাবে জাপান
হলি আর্টিসানে নিহত জাপানিদের স্মরণ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৮:৩৬
| প্রিন্ট সংস্করণ
সন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন সে দেশের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোআকি।
ঢাকায় ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে সাত জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল বৃহস্পতিবার সকালে আয়োজিত স্মরণসভায় শিমাদা তোমোআকি এ কথা বলেন।
নিহত সাত জাপানি নাগরিক ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রিপারেটরি স্টাডি দলের সদস্য ছিলেন। মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে তাদের ভূমিকা ছিল। প্রতিবছরের মতো এবারও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) তাদের এই সাত সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণসভার আয়োজন করে।
মেট্রোরেলের উত্তরা ডিপোর মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে (এমইআইসি) স্মরণসভার শুরুতে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে নিহত ব্যক্তিদের নামফলকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
স্মরণসভায় জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুইয়া, জাইকা বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি তাকাহাশি জুনকো, জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোআকি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপান সরকার ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শৌগাতুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো বলেন, ‘বাংলাদেশ সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তবে সেদিনের দুর্ঘটনায় আমরা যাদের হারিয়েছি, তারা চেয়েছিলেন বাংলাদেশের মানুষ যেন আরও ভালোভাবে, উন্নত পরিবেশে বাঁচতে পারে।
- বিষয় :
- স্মরণ
