ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

শনিবারের মধ্যে ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

শনিবারের মধ্যে ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১২:৫৩ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১৩:৩৯

অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা কমাতে দেশের সব বেসরকারি ক্লিনিকে আগামী শনিবারের মধ্যে লেবার রুম (স্বাভাবিক প্রসবকক্ষ) স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) আয়োজিত এক কর্মশালায় এ ঘোষণা দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। এ প্রবণতা নিয়ন্ত্রণে স্বাভাবিক প্রসবের সুযোগ বাড়াতে প্রতিটি বেসরকারি ক্লিনিকে লেবার রুম নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে।

তিনি আরও জানান, সব বেসরকারি ক্লিনিকে মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে গর্ভবতী নারীরা স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা পাবেন এবং স্বাভাবিক প্রসবে উৎসাহিত হবেন।

মন্ত্রী বলেন, মাতৃ ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসূতিসেবায় তাদের সম্পৃক্ততা বাড়ানো গেলে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমিয়ে আনা সম্ভব হবে।

কর্মশালায় বক্তারা মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং স্বাভাবিক প্রসবের পরিবেশ তৈরিতে মিডওয়াইফদের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

×