ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
×

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের পাঠানো বিশেষ আমন্ত্রণপত্র তুলে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। গতকাল সোমবার সচিবালয়ে -পিআইডি

 বাসস

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৮:৩২

| প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ যুবরাজ সালমানের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি যুবরাজকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি আরব সফর কূটনৈতিক সম্পৃক্ততা গভীরতর করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে যুবরাজের শুভেচ্ছা পৌঁছে দেন এবং জানান, পারস্পরিক সুবিধাজনক সময়ে সৌদি যুবরাজও বাংলাদেশ সফরে আগ্রহী।

বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ঐতিহাসিকভাবে খুব ভালো মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্ব স্থাপনের বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী। বাংলাদেশে বিনিয়োগের জন্য সৌদি সরকার ও দেশটির বেসরকারি খাতের ব্যাপক আগ্রহ রয়েছে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। দুই সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে সফরের তারিখ চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর অথবা যুবরাজের বাংলাদেশ সফরের মধ্যে কোনটি আগে হতে পারে, এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টি এখনও নির্ধারিত হয়নি। আলোচনার মাধ্যমে এসব বিষয় চূড়ান্ত করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ।

গুলশান লেকের পরিবেশ রক্ষার নির্দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানিদূষণ রোধ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশ দেন। 

গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকার ভবনগুলোর পয়ঃনিষ্কাশন সংযোগ ব্যবস্থা যাচাই এবং লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধানমন্ত্রী লেকের বর্জ্য অপসারণ, পানিদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, লেক দূষণমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে যেসব ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ছে, তা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
সভায় গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া লেক ও এর সঙ্গে সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা, বর্জ্য অপসারণ এবং পানিপ্রবাহ সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। কড়াইল বস্তির বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে, সেজন্য কী কর্মপরিকল্পনা নেওয়া যায় তা নিয়েও আলোচনা হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।

সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর প্রমুখ উপস্থিত ছিলেন।
তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৭-এ মূল বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। গ্লোবাল গেটওয়ে ফোরামের তৃতীয় আসর আগামী বছরের ৮ ও ৯ জুন অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন

×