ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

হামে ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামে ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৯:৩৫

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর মিছিল থামছে না। আজ রোববার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছিল। বাকি চার শিশুর মধ্যে হামের উপসর্গ ছিল। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৬৪ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৪ শিশু। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯৬৯ শিশু আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত এক দিনে হাম শনাক্ত হয়ে ঢাকায় একজন শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গে ঢাকায় দুইজন এবং সিলেট ও বরিশালে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ১১ হাজার ৪৮০ শিশুর। একই সময়ে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ১৩ হাজার ৫০০ জনের। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৪ হাজার ৯৮০। এ সময়ে বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয়েছে ৯৪ হাজার ৩৪০ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০ হাজার ৬০৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে ৮৭৯ শিশু। তাদের মধ্যে ভর্তি করা হয়েছে ৮৪৯ জনকে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৪৩ শিশু।

বিভাগভিত্তিক হিসাবে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে ৩৬৫ জন, চট্টগ্রামে ১৫৯, বরিশালে ১১৭, সিলেটে ৭৪, খুলনায় ৪৬, ময়মনসিংহে ৪১, রাজশাহীতে ২৯ এবং রংপুর বিভাগে ১৮ জন। হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ২৮৭ জন। এরপর সিলেটে ৯০, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৬৩, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

×