ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মানবতাবিরোধী অপরাধের দশ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শিগগির

মানবতাবিরোধী অপরাধের দশ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শিগগির
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০২:৫৬

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের দশ মামলার তদন্ত শেষ হয়েছে। চলতি মাসের মধ্যেই এসব প্রতিবেদন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন।

জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সম্পন্ন করা তদন্ত শেষ হওয়া এই দশ মামলায় আসামির সংখ্যা অর্ধশতাধিক। এরমধ্যে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ড. আবদুর রাজ্জাক, শাহজাহান খান, ডা. দীপু মনি, কামাল আহমেদ মজুমদারসহ বেশ কয়েকজন সাবেক এমপি, আওয়ামী লীগ নেতা এবং সাবেক আমলা। তাদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগষ্ট মাসে দেশের বিভিন্ন জায়গায় হত্যা ও নির্যাতনের নির্দেশসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যে তদন্ত সংস্থা থেকে পাওয়া দশটি মামলার প্রতিবেদন নিখুঁতভাবে যাচাই-বাছাই এবং পর্যালোচনা করা হচ্ছে। আশা করছি, চলতি জুলাই মাসের মধ্যেই ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।

তিনি বলেন, সাবেক এই মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় সরাসরি ও কমান্ড রেসপনসিবিলিটি বা সুপিরিয়র রেসপনসিবিলিটি (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলন দমাতে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে যে ধরনের নির্দেশনা ও বলপ্রয়োগের সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, তার ওপর ভিত্তি করেই এই তদন্ত প্রতিবেদনগুলো তৈরি করা হয়েছে।

বর্তমানে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত ২৪টি মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং ইতোমধ্যে ছয় মামলার রায় ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

×