ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বকেয়া বাসা ভাড়া নিয়ে তর্ক, আঘাতে প্রাণ গেল বৃদ্ধের

বকেয়া বাসা ভাড়া নিয়ে তর্ক, আঘাতে প্রাণ গেল বৃদ্ধের
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৫:১৮

‎রাজধানীর আজিমপুরে বকেয়া বাসা ভাড়ার এক হাজার টাকা নিয়ে তর্কের সময় বাড়ির মালিকের ছেলের আঘাতে মো. স্বপন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোর ৫টার দিকে আজিমপুরের লালবাগ রোডের মেডিকেল স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। 

এরপর বাড়ির মালিকের ছেলে ইসাদুল ইসলাম রিজভী ও তাঁর চাচাতো ভাই সাদিফ ইসলাম রোহানকে আটক করেছে পুলিশ।

‎‎পুলিশ জানিয়েছে, নিহত স্বপনের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার তাহের ফকিরকান্দি গ্রামে।  তিনি কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।
‎‎স্বজনদের অভিযোগ, গতকাল ভোর ৪টার দিকে বাড়ির মালিকের ছেলে রিজভী ও তাঁর চাচাতো ভাই রোহান ভাড়ার বকেয়া এক হাজার টাকা চাইতে এসে স্বপন ও তাঁর ভাই রাজা মোহাম্মদ সেলিমের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে সেলিমকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। পরে স্বপনকে মারধর করে টেনেহিঁচড়ে কোয়ার্টারের সামনের মাঠে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

রাজা মোহাম্মদ সেলিম জানান, তারা দুই ভাই আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি কক্ষে ছয় হাজার টাকায় ভাড়া থাকতেন। চলতি মাসের ভাড়ার মধ্যে এক হাজার টাকা বকেয়া ছিল। কয়েক দিনের মধ্যে টাকা পরিশোধের কথা জানানো হলেও তা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। তাঁর অভিযোগ, ওই ঘটনার জেরেই তাঁর ভাইকে মারধর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা যায়, রিজভী দুই ভাইকে ধাক্কা দিলে স্বপন মাথার পেছনে গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় জড়িত দুজনকে আটক করা হয়।

লালবাগ থানার ওসি ইয়াসিন আলী সমকালকে বলেন, এই ঘটনায় জড়িত দুজনকে আসামি করে মামলা করায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×