বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো’ ১৬ জুলাই
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ২৩:০২
উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘নিউজিল্যান্ড এডুকেশন এক্সপো ২০২৬’-এর আয়োজন করা হয়েছে। আগামী ১৬ জুলাই (বুধবার) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজায় দিনব্যাপী এ এক্সপো অনুষ্ঠিত হবে।
সোমবার ঢাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নিউজিল্যান্ড ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সেন্টারের পরিচালক শিল্পী রানী দাস। এ সময় প্রতিষ্ঠানের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জুনায়েদ জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার নিউজিল্যান্ড ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্যোগে প্রথমবারের মতো এ এক্সপোর আয়োজন করা হচ্ছে। এতে নিউজিল্যান্ডের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। পাশাপাশি ভর্তি ও ভিসা-সংক্রান্ত পরামর্শ, কোর্স নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা এবং সর্বোচ্চ ১৫ হাজার নিউজিল্যান্ড ডলার পর্যন্ত স্কলারশিপ বিষয়ে তথ্য জানা যাবে।
এ ছাড়া স্বামী বা স্ত্রী ও সন্তানসহ আবেদন প্রক্রিয়া এবং পূর্বে ভিসা প্রত্যাখ্যাত আবেদন পুনর্মূল্যায়নের বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুযোগ থাকবে।
ফাউন্ডেশন, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ও মাস্টার্স পর্যায়ে নিউজিল্যান্ডে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য এক্সপোটি উন্মুক্ত থাকবে। ১৬ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ আয়োজন।
- বিষয় :
- উচ্চশিক্ষা
- নিউজিল্যান্ড