ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট লম্বা লুঙ্গি, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০১:৫২ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ০১:৫২
ডেঙ্গু ঠেকাতে মশারি টাঙিয়ে ঘুমানোর পাশাপাশি ফুলহাতা শার্ট, পাজামা বা লম্বা করে লুঙ্গি পরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এমন পরামর্শের কথা জানান।
ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালের ১০ শতাংশ শয্যা খালি রাখা এবং সরকারের নির্ধারিত হারে পরীক্ষা করতে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। বলেন, দেড় মাস আগে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মালিকদের ডেকে সরকারের সিদ্ধান্ত জানানো হয়েছে। হাসপাতাল মালিকরাও তা মানতে সম্মতি দিয়েছেন।
নূরুল ইসলাম ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং সমন্বিত মশক নিধন কার্যক্রম জোরদারে সরকারের পরিকল্পনা জানতে চান। হাসপাতালগুলোতে শয্যা, আইসিইউ, পরীক্ষা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক-নার্সের পর্যাপ্ততা নিশ্চিত করার দাবি জানান।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে ডেঙ্গুর এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে এক লাখ ছয় হাজার ৬০০ আরডিটি কিট মজুদ রয়েছে। আগামী এক মাসে আরও প্রায় পাঁচ লাখ কিট মজুদে যুক্ত হবে। ডেঙ্গু রোগীদের জন্য অতিরিক্ত এক লাখ স্যালাইন ব্যাগও মজুদ রাখা হয়েছে। প্রতিটি উপজেলায় পর্যাপ্ত স্যালাইন পাঠানো হয়েছে।
- বিষয় :
- ডেঙ্গু