ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বীর মুক্তিযোদ্ধাদের ভাতার নতুন হার নির্ধারণ

বীর মুক্তিযোদ্ধাদের  ভাতার নতুন হার  নির্ধারণ
×

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৮:০৯

| প্রিন্ট সংস্করণ

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সম্মানী ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার নতুন হার নির্ধারণ করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গত বৃহস্পতিবার জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন ভাতার হার চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। নতুন হারে বীরউত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা এবং বীরবিক্রম ও বীরপ্রতীক খেতাবপ্রাপ্তরা মাসিক ২৫ হাজার টাকা মূল সম্মানী ভাতা পাবেন।

অন্যদিকে, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পঙ্গুত্বের মাত্রা অনুযায়ী ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’– এই চার শ্রেণিতে ভাতা নির্ধারণ করা হয়েছে।
৯৬ থেকে ১০০ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘এ’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা মূল ভাতা পাবেন। এর সঙ্গে দুই হাজার টাকা চিকিৎসা ভাতা এবং পাঁচ 
হাজার টাকা খাদ্য ভাতা যোগ হয়ে নিয়মিত মাসিক সুবিধা হবে ৩৭ হাজার টাকা। 
জীবিত ‘এ’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা অতিরিক্ত আট হাজার টাকা সহায়ক ভাতা পাবেন। ফলে তারা জীবিত থাকা অবস্থায় মাসে মোট ৪৫ হাজার টাকা পাবেন। তবে মৃত্যুর পর এই অতিরিক্ত সহায়ক ভাতা উত্তরাধিকারীরা পাবেন না।

৬১ থেকে ৯৫ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘বি’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মূল ভাতা ২৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা ও খাদ্য ভাতাসহ তারা মাসে মোট ৩৫ হাজার টাকা পাবেন।
২০ থেকে ৬০ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘সি’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মূল ভাতা হবে ২৩ হাজার টাকা। চিকিৎসা ও খাদ্য ভাতা যুক্ত হয়ে তাদের মাসিক সুবিধা দাঁড়াবে ৩০ হাজার টাকা।
এ ছাড়া ১ থেকে ১৯ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘ডি’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মূল ভাতা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। এর সঙ্গে দুই হাজার টাকা চিকিৎসা ও পাঁচ হাজার টাকা খাদ্য ভাতা যোগ হয়ে তারা মাসে ২৭ হাজার টাকা পাবেন।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বছরে দুটি উৎসব ভাতা পাবেন, যার প্রতিটির পরিমাণ হবে তাদের নিজ নিজ মূল ভাতার সমান। 
পাশাপাশি জীবিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবসে পাঁচ হাজার টাকা এবং বাংলা নববর্ষে দুই হাজার টাকা বিশেষ ভাতা দেওয়া হবে।

আরও পড়ুন

×