ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাঁওতাবাজি: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাঁওতাবাজি: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী
×

ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ১৮:২৫

শুধু দলীয় কর্মীদের চাঙ্গা করতেই শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, এটি একটি রাজনৈতিক ভাঁওতাবাজি।

শনিবার রাজধানীর এফডিসিতে ‘জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ভুল ছিল। গণতন্ত্রের পরিবর্তে তারা ফ্যাসিবাদের পথে এগিয়েছে। মুক্তিযুদ্ধকে ব্যবহার করে এবং এক ব্যক্তির পূজার মাধ্যমে তারা ক্ষমতায় টিকে ছিল। জুলাই গণহত্যায় আওয়ামী লীগের চূড়ান্ত রাজনৈতিক, সামাজিক ও নৈতিক পরাজয় হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও দলটি গ্রহণযোগ্যতা হারিয়েছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিকভাবে আড়ালে থাকলেও তাদের সহযোগীরা প্রশাসন, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন পর্যায়ে এখনো সক্রিয় রয়েছে। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। গণ-অভ্যুত্থানের আগেই আওয়ামী পরিবারের সদস্যরা দেশ ছেড়ে কাপুরুষতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

ইশরাক হোসেন আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকলে আওয়ামী লীগের ফিরে আসার আশঙ্কা রয়েছে। গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী ঐক্যই জুলাইয়ের চেতনাকে সুরক্ষিত করবে।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন এবং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এটি শুধু একটি সরকারের পতন নয়, বরং আওয়ামী লীগের রাজনৈতিক, সামাজিক, নৈতিক ও আদর্শগত পরাজয়ের প্রতীক।

তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কোনোভাবেই এড়াতে পারেন না। ক্ষমতায় টিকে থাকার জন্য সংঘটিত ওই হত্যাকাণ্ড ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে। জুলাইয়ের ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিযোগিতায় গণ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়।

বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক আরিফুজ্জামান মামুন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল এবং সাংবাদিক জাকির হোসেন লিটন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

আরও পড়ুন

×